নিজের শেষ পিএসএলের শুরুতেই করোনায় আক্রান্ত আফ্রিদি
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি। টুইটারে নিজেই এটি নিশ্চিত করেছেন তিনি। আফ্রিদির কথা অনুযায়ী, আজ শুরু হতে যাওয়া পিএসএলের সপ্তম আসর দিয়েই পিএসএল-অধ্যায়ের শেষ টানবেন তিনি। অথচ টুর্নামেন্ট শুরু হওয়ার দিনেই করোনা নিশ্চিত করে দিল, কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকছেন আফ্রিদি।
পিএসএলের এ মৌসুমে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন আফ্রিদি। তবে করোনাভাইরাস পজিটিভ হওয়ার কারণে অন্তত এক সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে তাঁকে। ফলে কোয়েটার প্রথম চারটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। অবশ্য পিঠের চোটে এমনিতেও প্রথম দুটি ম্যাচে তাঁর খেলার কথা ছিল না। আফ্রিদিকে অবশ্য নিজ বাসায় আইসোলেশনে থাকার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে হোটেল ছেড়ে গেছেন তিনি।
টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমি পজিটিভ হয়েছি, তবে কোনো উপসর্গ নেই। ইনশা আল্লাহ দ্রুত সেরে উঠব বলে আশা করছি, নেগেটিভ হয়ে কোয়েটা দলে যত দ্রুত সম্ভব যোগ দিতে চাই। পিএসএলের সপ্তম আসরে সব দলের প্রতি শুভকামনা। নিজের শেষ পিএসএলে আমি সব উজাড় করে দিতে প্রতিজ্ঞাবদ্ধ।’ আর কোয়েটা তাদের টুইটারে লিখেছে, ‘কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পরিবারে আপনাকে ফিরে পেতে তর সইছে না। বেগুনি ও সোনালিতে আপনাকে দেখতে মুখিয়ে আছি, কিংবদন্তি!’
উপসর্গ না থাকলেও কমপক্ষে সাত দিন আইসোলেশন পার করে পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে আসতে হবে আফ্রিদিকে। পিসিবির প্রটোকল অনুযায়ী, আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে আসা সবাইকে আইসোলেশনে থেকে টেস্ট করাতে হবে। সেটি আক্রান্ত ব্যক্তির দলের সদস্য, ৪৮ ঘণ্টার মধ্যে ২ মিটার দূরত্বে ১৫ মিনিটের বেশি সময় কাটানো যে কেউই হতে পারেন। করোনাভাইরাসে এ নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হলেন আফ্রিদি। ২০২০ সালে ত্রাণ বিতরণের কাজ করতে গিয়ে প্রথমবার পজিটিভ হয়েছিলেন তিনি।
আজ রাত ৮টায় করাচি কিংস ও মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের পিএসএল। আফ্রিদির দল কোয়েটা মাঠে নামবে আগামীকাল, প্রতিপক্ষ পেশোয়ার জালমি। সাবেক দল মুলতান থেকে এবার কোয়েটায় এসেছেন আফ্রিদি। এর আগে পেশোয়ারকে নেতৃত্ব দিয়েছেন তিনি, তাদের হয়ে শিরোপাও জিতেছেন কদিন পর ৪২ বছর পূর্ণ করতে চলা এ অলরাউন্ডার।
এদিকে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন পেশোয়ার অধিনায়ক ওয়াহাব রিয়াজ ও হায়দার আলী। ওয়াহাবের অনুপস্থিতিতে পেশোয়ারকে নেতৃত্ব দিতে পারেন শোয়েব মালিক। আক্রান্ত হয়েছেন করাচির প্রেসিডেন্ট ওয়াসিম আকরামও, জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
এবারের পিএসএল হবে করাচি ও লাহোরের দুটি ভেন্যুতে। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত করাচিতে হওয়ার পর দলগুলো যাবে লাহোরে। প্লে-অফ ও ফাইনাল হবে সেখানেই। গত মৌসুমে পাকিস্তানে শুরু হলেও করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে যাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতে শেষ হয়েছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি লিগ।