নিজের সেরাটাই দিতে চান সানিয়া
বছরের দুটি গ্র্যান্ড স্লামে মোটামুটি পারফরম্যান্সের পর ভারতীয় টেনিস সেনসেশন সানিয়া মির্জা নিজেকে মহিমান্বিত মনে করছেন। তিনি মনে করেন, সবার আশীর্বাদ নিয়েই তিনি উইম্বলডনে ভালো করবেন।চার বছর আগে বিশ্বের শীর্ষ ১০ টেনিস খেলোয়াড়ের তালিকায় নিজেকে নিয়ে আসার লড়াইয়ে বেশ ভালোভাবেই ছিলেন তিনি। কিন্তু র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে থাকার সময় কবজির অনাহূত একটি ইনজুরি তাঁকে পিছিয়ে দেয় ১৬৬তম স্থানে। ‘আমি নিজেকে মহিমান্বিত মনে করছি। একটি কঠিন ইনজুরি থেকে নিজেকে তুলে নিয়ে এসেছি আমি। বছরের প্রথম ভাগটা একেবারে খারাপ কাটেনি। আশা করছি, বর্তমান ফর্ম নিয়ে আমি র্যাঙ্কিংয়ে ওপরের দিকে উঠে আসতে পারব।’ সানিয়ার মন্তব্য। তিনি আরও বলেন, ‘আমি আমার সেরা খেলাটা খেলতেই ফিরেছি।’ ফ্রেঞ্চ ওপেনে ডাবলসে শিরোপা জিতেই তিনি ইতিহাস গড়েছেন। পুরো বছরটা কোনো বিরতি ছাড়াই খেলে চলেছেন। সামনের দিনগুলোও যেন এমন যায়, সেই প্রার্থনা তিনি করতেই পারেন। মহেজ ভূপতি, লিয়েন্ডার পেস ও রোহান বোপানাদের মতো তিনি কেবল ডাবলস নিয়েই পড়ে থাকতে চান না। নিজের সিঙ্গেলস লড়াইগুলোতেও তিনি অন্য উচ্চতায় উঠে যেতে চান। রাশিয়ার ডাবলস পার্টনার এলেনা ভেসনিয়ার সঙ্গে তাঁর জুটিটি ইতিমধ্যেই বেশ জমে উঠেছে।তবে সব পরিকল্পনার আগে নিজেকে ফিট রাখার লড়াইটাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি। সানিয়া বলেন, ‘প্রথমেই আমার লড়াই নিজেকে ফিট রাখায়। নিজেকে ফিট রাখতে পারলে বাকি চাওয়াগুলোও অর্জন করা যাবে।’ উইম্বলডন সম্পর্কে সানিয়ার ভাবনাটা অনেকটাই দেশকেন্দ্রিক। তিনি মনে করেন এই প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব প্রয়োজন। তিনি এ প্রতিনিধিত্ব সিঙ্গেলস প্রতিযোগিতাগুলোতে হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘ডাবলসে ভারত ভালো করছে, কিন্তু সিঙ্গেলসে সে ধরনের প্রতিনিধিত্ব নেই। উইম্বলডনের মতো প্রতিযোগিতার সিঙ্গেলস সার্কিটে লড়াই করার মতো অনেক ভারতীয় খেলোয়াড়ই রয়েছে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।