নিজেরই জয় দেখছেন ম্যারাডোনা
পেলে না ম্যারাডোনা? এই বিতর্ক করে নিজেকে আর সেকেলে প্রমাণ করবেন না। দিন বদলে গেছে। এখন বিতর্কের বিষয়—মেসি নাকি পেলে-ম্যারাডোনা! হ্যাঁ, দুনিয়া এখন এই বিতর্কে মেতেছে। জানা কথা, মেসি এই বিতর্কে মন্তব্য করবেন না। স্বভাবজাত বিনয়ের সঙ্গে নিজেকে ম্যারাডোনার অনেক নিচে রেখে দেবেন বার্সেলোনা তারকা। কিন্তু ম্যারাডোনা কী বলেন? তাঁর চোখের সামনে তাঁরই উত্তরসূরি কি তাঁকে ছাড়িয়ে যাচ্ছে?না, এখনই প্রশ্নটার জবাব দিতে চান না আর্জেন্টাইন কোচ। তবে সেই আশায় তিনি আছেন। ম্যারাডোনা বলছেন, এই লড়াইয়ে মেসি জিতলে সেটা হবে তাঁরই জয়, ‘আমি এ নিয়ে ওর সঙ্গে অনেক কথা বলেছি। বলেছি, আমি আমার কাজ (খেলা) শেষ করে ফেলেছি। এখন ওকে ওর ক্যারিয়ার গড়তে হবে। এবং শেষেই বোঝা যাবে, কে সর্বকালের সেরা। তবে ও সঠিক পথে আছে। ও বিশ্বকাপ জিতলে আমার চেয়ে খুশি আর কে হবে! তাতে পেলে-ম্যারাডোনা বিতর্কটা তো শেষ হবে। আর সেটাতে আমারই জয়। কারণ মেসি একজন আর্জেন্টাইন!’সেটা কি হবে? মেসি কি পারবেন পেলে-ম্যারাডোনা বিতর্ক চিরতরে শেষ করে দিতে? প্রশ্নটা ম্যারাডোনার সামনে করতে যাবেন না। চটে যেতে পারেন, আর্জেন্টাইন কিংবদন্তি। ‘যিশুর’ সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললে চটে যাওয়াই স্বাভাবিক। মুখে কুকুরের কামড়ে তৈরি হওয়া ক্ষত নিয়ে প্রথমবারের মতো সাংবাদিকদের সামনে এলেন ডিয়েগো ম্যারাডোনা। বার্সেলোনার হয়ে যে জাদু লিওনেল মেসি দেখালেন, তাতে আর আবেগ চেপে রাখতে পারলেন না। সোজা বলে দিলেন, ভিনগ্রহের নয়, মেসি ফুটবল খেলছেন খোদ যিশুখ্রিষ্টের মতো!মেসি আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৪ গোল করলেন, বার্সেলোনা শহর আনন্দে মাতল। পুরো আর্জেন্টিনাও কি মাতল না? আর্জেন্টিনা থেকে মেসির জাতীয় দলের সতীর্থ হুয়ান সেবাস্তিয়ান ভেরন বলছেন, এই মেসিকে বিশ্বকাপে পেলে তাদের আর কেউ আটকাতে পারবে না, ‘চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে এমনভাবে ফাঁকা জায়গা বানিয়ে খেলল! অবিশ্বাস্য! মনে হলো, ওর ওপর যেন কোনো চাপই নেই। যেমন প্রচণ্ড গতি, সে রকম হঠাৎ করে থেমে যেতে পারে, সবচেয়ে দুর্দান্ত ফিনিশিং। এখন বিশ্বের সেরা ও-ই।’ভেরনরা তো এই বিশ্বসেরাকে নিয়েই দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন। বিশ্বকাপটা কি তাহলে মেসি ঘরে তুলে দেবেন? ভেরন নিশ্চিত, মেসি সেটা পারবেন, ‘হ্যাঁ, যদিও বিশ্বকাপ আলাদা ব্যাপার, তার পরও মেসির প্রতিভা ব্যবহার করতে পারলে আমরা অবশ্যই পারব (বিশ্বকাপ জিততে)। ও বয়সে ছোট হলেও, দায়িত্ব কী জিনিস সেটা জানে। সে তো বার্সেলোনার নেতাদের একজন।’তবে ভেরন এ কথাও মনে করিয়ে দিচ্ছেন, ইউরোপে সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলে এসে লাতিন ফুটবলে মানিয়ে নিতে একটু কষ্টই হয়। তবে মেসি সেই কষ্টটা করবেন বলেই বিশ্বাস অভিজ্ঞ এই মিডফিল্ডারের, ‘দক্ষিণ আমেরিকায় আমরা একটু অন্য ধরনের ফুটবল খেলি। মেসি, ম্যারাডোনার মতো যারা সর্বোচ্চ পর্যায়ের প্রতিভা, তাদের জন্য এখানে এসে ইউরোপের মতো খেলাটা খুব কঠিন। ইউরোপে ওদের অনেক সুরক্ষিত রাখা হয়। ওর জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে বলছিল, ও নিজের সব মেডেলের বিনিময়ে হলেও বিশ্বকাপ চায়। ফলে আমার মনে হয়, আমরা সত্যিকারের মেসিকেই পাব।’তাহলে আর্জেন্টিনার খরাটাও কাটে! ওয়েবসাইট।