নিঠুর জার্মানি!

আর্জেন্টিনার আছে লিওনেল মেসি, ব্রাজিলের নেইমার, পর্তুগালের রোনালদো। জার্মানির? না, এ দলে নেই কোনো মহাতারকা। তারা কেবলই একটি দল। একটা দল হয়েই খেলে জার্মানি। মহাতারকা যেন ওই ১১ জনই! এ কারণেই জার্মানিকে বলা হয়‘Die Mannschaft (The Team)’। অন্য দলের তারকাদের মতো জার্মানির খেলোয়াড়েরা ক্লাব ফুটবলে অতটা আলো ছড়ান না। কিন্তু জাতীয় দলের জার্সিটা গায়ে চাপালেই কেমন যেন বদলে যান, জ্বলে ওঠেন বারুদের মতো।
অনেকে বলে থাকেন ‘ফুটবল বড্ড নিষ্ঠুর’। আরও নির্দিষ্ট করে বললে, ‘জার্মানি বড্ড নিষ্ঠুর’! গত রাতে ব্রাজিলকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়া জার্মানির নিষ্ঠুরতার নতুন নমুনামাত্র। যুগে যুগে জার্মানি এভাবেই কাঁদিয়েছে বহু কিংবদন্তিকে, বহু ফুটবলপ্রেমীকে। সে ম্যাচগুলোয় ফুটবলের অধিকাংশ সমর্থকই নাকি চাননি জার্মানি জিতুক। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, ফুটবল রোমান্টিকদের স্তব্ধ করে দিয়ে জার্মানি ঠিকই নিজেদের করে নিয়েছে ম্যাচগুলো। ‘নিষ্ঠুর’তার নিদর্শন রেখে ফুটবলকে বানিয়েছে আপন পায়ের ভৃত্য। প্রিয় পাঠক, আসুন, চোখ বুলিয়ে নেওয়া যাক ইতিহাসের পাতা থেকে জার্মানদের বাছাইকৃত কিছু ‘নিষ্ঠুরতা’য়...
হাঙ্গেরির কান্না
ফুটবলের পরাশক্তি হিসেবে আবির্ভাব হওয়ার প্রথম উপলক্ষ হিসেবে জার্মানি বেছে নেয় ১৯৫৪ বিশ্বকাপ। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সে বিশ্বকাপটি মোটেও জার্মানদের জন্য অপেক্ষা করছিল না। বিশ্বকাপটা হতে পারত ফেরেঙ্ক পুসকাস আর তাঁর ‘ম্যাজিকাল ম্যাগিয়ার্স’-এর (হাঙ্গেরি) সাফল্যগাথার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। অথচ সেটি আজও হাঙ্গেরির কাছে যন্ত্রণা, কষ্ট, আর আক্ষেপের প্রতিশব্দ মাত্র! টানা ২৮ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে এসেছিল পুসকাসের দল। দক্ষিণ কোরিয়াকে ৯-০, জার্মানিকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল তারা। এরপর দুটি বাধা—ব্রাজিল ও উরুগুয়েকে ৪-২ গোলে হারিয়ে সোজা ফাইনালে। তারপর...সে গল্পটা বড্ড বেদনাদায়ক। দ্বিতীয় রাউন্ডে উঠতে প্লে-অফ খেলতে হয়েছিল যে জার্মানির, সেই দল কিনা শেষমেশ জিতল শিরোপা! ফাইনালে আট মিনিটে ২-০ গোলে এগিয়ে গিয়েও শিরোপাটা আর ছোঁয়া হয়নি পুসকাসদের। সে বিশ্বকাপে জার্মানরা ছাড়া বাকি বিশ্ব একমনে চেয়েছিল, বিশ্বকাপটা পুসকাসের হাঙ্গেরিই জিতুক। কিন্ত ‘নিষ্ঠুর’ জার্মানির কাছে সে চাওয়ার মূল্য সামান্যই! ওই ফাইনালটা আজও ফুটবলপ্রেমীদের কাছে ‘দ্য মিরাকল অব বার্ন’। এ নামেই ২০০৩ সালে একটি জার্মান চলচ্চিত্র নির্মাণ হয়েছে।
ডাচদের চির আক্ষেপ

১৯৭৪ বিশ্বকাপে রাইনাস মিশেলস ও ইয়োহান ক্রুইফের হল্যান্ড বিশ্বকে পরিচয় করিয়ে দিল ফুটবলে এক অনন্য নান্দনিকতার সঙ্গে। ‘টোটাল ফুটবল’ নামে খ্যাত ফুটবলের এই নান্দনিকতা মোহাবিষ্ট করে রেখেছিল গোটা ফুটবল-দুনিয়াকে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলা হল্যান্ডের জন্য যে চূড়ান্ত দুর্গতি অপেক্ষা করছে ফাইনালে, সেটা কে জানত! ১৯৫৪-এ ‘ম্যাজিক্যাল ম্যাগিয়ার্স’দের হটিয়ে দিয়েছিল যারা, সেই জার্মানদের ছকেই আটকে গেল দুরন্ত ডাচরা। খেলার আগেই অন্য এক খেলা খেলেছিল জার্মান সংবাদমাধ্যম। ম্যাচের আগের দিন হল্যান্ডের প্রাণভোমরা ক্রুইফকে নিয়ে এক বিতর্কিত সংবাদ ছেপে হকচকিয়ে দিয়েছেল ‘বিল্ড’। তবুও ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল হল্যান্ড। শেষ রক্ষা হয়নি তার পরও। ২৫ মিনিটেই সমতা ফেরায় জার্মানি। ৪৩ মিনিটে জার্ড মুলার বিশ্বকাপে তাঁর ১৪তম গোলটি করেন। ওই বিশ্বকাপেও জার্মানরা বাদে বাকি বিশ্ব চেয়েছিল হল্যান্ড জিতুক। ফুটবল কিংবদন্তি ক্রুইফ তো বটেই, ডাচ সমর্থকদের আজও বুকটা ভারী হয়ে ওঠে সে ফাইনালের কথা মনে করে!

ম্যারাডোনার অশ্রু
আগের বিশ্বকাপেই (১৯৮৬) সব আলোটুকু নিজের দিকে কেড়ে নিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিলেন দ্বিতীয় শিরোপা। জার্মানরা হয়তো সেদিন ম্যারাডোনার হাসি দেখে মনে মনে বলেছিল, এর শেষ দেখেই ছাড়ব! ঠিক চার বছর পর, ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে আবারও আর্জেন্টিনা-জার্মানি। ম্যাচের আগেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ—কার্ড ও চোটের ফাঁড়ায় নেই গুরুত্বপূর্ণ চার খেলোয়াড়। ম্যাচে দুই লাল কার্ডে ম্যারাডোনার দল পরিণত হলো নয়জনে। তবুও দাপটের সঙ্গে লড়াই চালিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু রেফারি এডগার্ডো কডেসালের বিতর্কিত সিদ্ধান্তে ৮৫ মিনিটে পেনাল্টি পেয়ে গেল জার্মানি। আন্দ্রেস ব্রেইমের গোলে জিতে যায় জার্মানি। আগের বিশ্বকাপে বিজয়ের হাসি হাসা ম্যারাডোনাকে এবার মাঠ ছাড়তে হলো বাঁধভাঙা অশ্রু নিয়ে। ফুটবলপ্রেমীদের স্মৃতির মণিকোঠায় আজও ভাসে ম্যারাডোনার সেই অশ্রুসিক্ত দুই নয়ন।
জার্মানি অজেয়—সেটি বলাও সমীচীন নয়। তারাও হারে। জার্মানরা ১৯৬৬ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছে, ১৯৮২ বিশ্বকাপে ইতালির বিপক্ষে, ১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ও ২০০২ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে পরাজিত হয়েছে। বিশ্বকাপে জার্মানদের কাছে সাম্প্রতিককালের সবচেয়ে বড় ‘ট্র্যাজেডি’ ২০০৬ বিশ্বকাপে ঘরের মাঠে বিশ্বকাপ না জিততে পারা। তার পরও জার্মানরা থমকে যায়নি। বরং পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়ে প্রতিটি বিশ্বকাপে। সব সময়ই জানিয়ে দেয়—শেষ না হওয়া পর্যন্ত জার্মানরা হার মানতে নারাজ।