নিঠুর দরদি দুঙ্গা!
কার্লোস দুঙ্গা বিশ্বকাপের দল দিয়েছেন, এটা শুনে তন্ন তন্ন করে একটা নাম খুঁজেছে সবাই। নামটি রোনালদিনহোর। দুঙ্গার বিশ্বকাপ দলে রোনালদিনহোর নামটি পাওয়া যায়নি। দুঙ্গা রোনালদিনহোকে না নেওয়ার সিদ্ধান্তে অটল থেকেছেন। বাদ দিয়েছেন আদ্রিয়ানো ও তরুণ স্ট্রাইকার আলেক্সান্ডার পাতোকেও।এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ব্রাজিলে বিস্ময় ও ক্ষোভ দুটিই আছে। ব্রাজিলের বাইরে যারা ব্রাজিল দলকে অনুসরণ করে তারা বিস্মিত। আর যিনি দুঙ্গার সিদ্ধান্তের বলি, সেই ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়কও নিশ্চয়ই বিস্মিত। বিশ্বকাপে থাকবেন—এই আত্মবিশ্বাস তাঁর ছিল। কিছুদিন আগে তাই বলেছিলেন, ‘রোনালদিনহোহীন বিশ্বকাপ আমি ভাবতেই পারি না।’খেলোয়াড় যাবে, খেলোয়াড় আসবে; এটাই ফুটবলের রীতি—দল দেওয়ার পর এমন কথা কোচদের হরহামেশাই বলতে শোনা যায়। কিন্তু প্রশ্নটা হলো, রোনালদিনহো তো এখনো ফুরিয়ে যাননি। সম্প্রতি বরং নিজের ছায়া থেকে বেরিয়ে আসার ইঙ্গিতই দিয়েছিলেন। এসি মিলানের হয়ে সিরি ‘আ’তে খেলেছেনও ভালো। তার পরও কেন রোনালদিনহো বাদ পড়লেন?গত বিশ্বকাপে ‘সুপার ফ্লপ’ রোনালদিনহো ২০০৮ অলিম্পিকে দুঙ্গার আশা পূরণ করতে পারেননি। এর পর থেকেই রোনালদিনহো ব্রাত্য হয়ে পড়েন দুঙ্গার কাছে। ২০০৯ সালের এপ্রিলে সর্বশেষ তাঁকে ব্রাজিল দলে নিয়েছিলেন। সেবারও দুঙ্গার মন ভরাতে পারেননি। রোনালদিনহোর বিশ্বকাপ দলে না থাকার কারণ হিসেবে এটাকেই বড় করে দেখেন অনেকে। রোনালদিনহো ও আদ্রিয়ানোর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানা যায়নি। তবে বাদ পড়ে হতাশ পাতো ধৈর্য ধরার চেষ্টা করছেন, তাকাচ্ছেন সামনের দিকে। ‘বিশ্বকাপ? হ্যাঁ, শেষ পর্যন্তও আমার বিশ্বাস ছিল। এটা আমার দুর্ভাগ্য। তবে এখনো আমার বয়স কম। ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের জন্য আমি কঠোর পরিশ্রম করব’—করিয়েরে দেল্লো স্পোর্তকে বলেছেন মিলানের তরুণ স্ট্রাইকার। দুঙ্গা আসলে এমন খেলোয়াড়দেরই দলে নিয়েছেন, যাঁদের ওপর তিনি বিশ্বাস রাখেন আর চার বছর ধরে বিভিন্ন সময়ে তাঁর দলে যাঁরা খেলেছেন। এ কারণেই সান্তোসের দুই তরুণ প্রতিভা নেইমার আর হেনরিকও ডাক পাননি। ব্রাজিল কোচ নিজেও দল দেওয়ার পর বলেছেন, ‘আমি তো শুধু ২৩ জন খেলোয়াড়ই নিতে পারব। যাদের ওপর আমার পুরো বিশ্বাস আছে, তাদেরই নিতে চেয়েছি। আমি খেলোয়াড় নির্বাচন করেছি দলের প্রতি তাদের নিবেদন, সামর্থ্য এবং মনোভাব দেখে।’মুখে বলেননি, তবে দুঙ্গা খেলোয়াড় নির্বাচন করার সময় আরও একটি বিষয় নিশ্চয়ই মাথায় রেখেছেন—দলের রক্ষণভাগ যেন ভালো হয়। দুঙ্গার মধ্যে এই মনোভাবটা দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখা গেছে। ব্রাজিলের সুন্দর ফুটবলের চেয়ে রক্ষণাত্মক ফলকেন্দ্রিক একটি দলই তিনি গড়ে তুলতে চেয়েছেন। এ কারণেই দুঙ্গার দলের মাঝমাঠে আক্রমণাত্মক মনোভাবের খেলোয়াড় একমাত্র কাকা।ব্রাজিলের ‘সুন্দর ফুটবল’কে শেষ করে দিচ্ছেন—এই সমালোচনার ফলায় সেই শুরু থেকেই বিদ্ধ হচ্ছেন দুঙ্গা। সমালোচনা হচ্ছে ব্রাজিলের বাইরেও। সমালোচনা তো হবেই। চিরকালই আক্রমণাত্মক ফুটবল খেলা ব্রাজিলের আক্রমণভাগে এবার সে রকম খেলোয়াড় কোথায়? বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব থাকবে লুইস ফ্যাবিয়ানোর কাঁধে। তবে প্রচুর গোল পেলেও সেভিয়ার এই স্ট্রাইকারের সৃজনশীলতা নিয়েও প্রশ্ন আছে। রবিনহো আছেন। কিন্তু ম্যানচেস্টার সিটি থেকে সান্তোসে ধারে খেলতে যাওয়া রবিনহোর ফুটবলের মানটা প্রশ্নবিদ্ধ। আর আছেন প্রায় অচেনা নিলমার এবং বুন্দেসলিগায় খেলা গ্রাফিতে।অভিজ্ঞতা আর নামের বদলে বিশ্বস্ততা আর শৃঙ্খলা খুঁজেছেন দুঙ্গা। বিপজ্জনক এক খেলাই খেলেছেন ব্রাজিল কোচ। একমাত্র বিশ্বকাপ জিততে পারলেই তাঁর এই খেলা যৌক্তিক প্রমাণ হতে পারে। এএফপি, ওয়েবসাইট।