নিনি-আতিকে সরগরম শ্যুটিং
নিস্তরঙ্গ জাতীয় শ্যুটিংয়ে হঠাৎ যেন ঝোড়ো হাওয়া। গুলশান শ্যুটিং রেঞ্জে ২৬তম আইএফআইসি ব্যাংক জাতীয় শ্যুটিংয়ের আজ শেষ দিনে দুজনের দিকে সবার চোখ।বাংলাদেশের শ্যুটিংয়ে প্রথম আন্তর্জাতিক সাফল্যের সারথি আবদুস সাত্তার নিনি আর আতিকুর রহমান ফিরছেন শ্যুটিংয়ে। ১৯৯০ অকল্যান্ড কমনওয়েলথ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে দুজন বাংলাদেশকে উপহার দেন দলীয় সোনা। তারপর ধীরে ধীরে দুজনই চলে যান আড়ালে। সাত বছর আগে আতিক জাতীয় শ্যুটিংয়ে অংশ নিয়েই আবার আড়ালে চলে যান। নিনি জাতীয় শ্যুটিংয়ে ফিরছেন ২২ বছর পর! আতিকের বয়স ৪৯, নিনির ৫৩।শ্যুটিংয়ে এই দুজনের ফিরে আসা শ্যুটিংয়ের জন্যই নতুন প্রেরণা। আতিক যেমন বলছেন, ‘আমাদের দেখে অন্যরা শিখতে পারবে। এটা দেশের সামগ্রিক শ্যুটিংয়ের জন্যই খুব ভালো খবর। আমরা ২০১৪ কমনওয়েলথ গেমসকে টার্গেট করেছি। খেলার কোনো বয়স নেই। আমাদের সাবেক সুইডিশ কোচ ৫৮ বছর বয়সে অলিম্পিকে ব্রোঞ্জ জিতলে আমরা পারব না কেন?’সাবরিনা সুলতানার বিদায়ের পথে হাঁটা, নিনি-আতিকের ফেরা—শ্যুটিংয়ে মিশ্র এক অনুভূতিরই জন্ম দিচ্ছে। তবে নিনি-আতিকের মাধ্যমে ‘অনুকরণীয় খেলোয়াড়’ পাওয়ার আকাঙ্ক্ষাটা খানিক পূরণ হচ্ছে, যেটির এখন খুব দরকার মনে করে শ্যুটিং-অঙ্গন। চলমান জাতীয় শ্যুটিংয়ের দিকে তাকালে দেখা যাবে গত চার দিনে হওয়া আটটি ইভেন্টে কোনো রেকর্ড হয়নি। শ্যুটিং এগিয়ে যাওয়া বা পেছানোর একটা মানদণ্ড হতে পারে রেকর্ড। যদিও সেটিকে বড় করে দেখতে রাজি নন নিনি-আতিকরা।তার ওপর যাঁদের নিয়ে স্বপ্ন দেখে ফেডারেশন, তাঁরা কিন্তু সেভাবে জ্বলতে পারছেন না। আন্তর্জাতিক অঙ্গনে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে যা একটু ভালো করার সুযোগ আছে। কিন্তু এই ইভেন্টের অন্যতম দুই বড় নাম শারমিন আক্তার ও সাদিয়া সুলতানা অনুজ্জ্বল। ৪০০-তে ৩৮৯ স্কোর করে সাদিয়া দ্বিতীয়, ৩৮৮ স্কোর করে তৃতীয় হয়েছেন ২০০৪ সাফ গেমসে সোনাজয়ী শারমিন।এই ইভেন্টে সোনা জিতে চমক দিয়েছেন নারায়ণগঞ্জের মেয়ে সুরাইয়া আক্তার (৩৯৩)। অলিম্পিক প্রস্তুতির জন্য লন্ডনে থাকায় এই ইভেটের জাতীয় চ্যাম্পিয়ন শারমিন আক্তার রত্না ও তৃপ্তি দত্ত খেলতে পারেননি। তবে দুই সন্তান ও সংসার সামলে ইভেন্টটিতে ২০০৭ সালের পর আবার সেরা হয়ে খুশি সুরাইয়া, ‘আমি এখন নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে কোচ হিসেবেও আছি। তবে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়াটা সব সময়ই প্রেরণাদায়ক।’কাল পুরুষদের ৫০ মিটার প্রোনে সোনা জিতেছেন গুলশান শ্যুটিং ক্লাবের গোলাম মহিউদ্দিন। তবে সবকিছু ছাপিয়ে আলোটা পড়ছে দুই পুরোনো নায়ক নিনি-আতিকের ওপরই।আরও দুই শারমিন: ওদিকে মেয়েদের ১০ মিটারের জুনিয়র বিভাগে জুনিয়র বিভাগে সেরা প্রথম দুজনেরই নাম শারমিন আক্তার। তারা বিকেএসপি ও সাভার সেনা শ্যুটিং ক্লাবের প্রতিযোগী। এ নিয়ে মেয়েদের ১০ মিটারে চারজন শারমিন এলেন!