নিন্দুকদের মরিনহোর পাল্টা
কোয়ার্টার ফাইনাল নয়, রিয়াল মাদ্রিদ নাকি ভাবছে সেমিফাইনাল নিয়ে! ড্রয়ে রিয়াল গ্যালাতাসারাইকে পাওয়ায় হোসে মরিনহোর ‘শত্রু’দের যেন গা জ্বলে যাচ্ছে। তুরস্কের ক্লাবটিকে পেয়ে যেন শেষ চার নিশ্চিতই হয়ে গেছে স্প্যানিশ ক্লাবটির! মরিনহো এসব গায়ে মাখছেন না। তবে নিন্দুকদের খালি হাতে কখনোই ফেরান না। এসব তাঁর ধাতে নেই। ‘স্পেশাল ওয়ান’ বলে দিলেন, রিয়াল যে এত দূর আসবে, সেটা অনেকেই ভাবেনি!কিন্তু চ্যাম্পিয়নস লিগ এমন কঠিন টুর্নামেন্ট, যেখানে কোয়ার্টার ফাইনালে কেউ এমনি এমনি আসে না। গ্যালাতাসারাইকে খাটো করে রিয়ালকে ভাগ্যবান বলে পিঠ চাপড়ে দিচ্ছে যারা, তাদের ছদ্মবেশী শত্রুই মনে করেন মরিনহো। ভিন্ন দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার বিরল কৃতিত্বের অধিকারী এই কোচ বলছেন, ‘চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে অনেকবার এসেছি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, এই পর্যন্ত একটা দল এমনি এমনি আসে না। ওরা শুধু গ্রুপ পর্ব পেরিয়েছে বলেই এখানে আসেনি, নকআউট পর্বও ওদের পেরোতে হয়েছে।’মরিনহো যোগ করেছেন, ‘এই টুর্নামেন্ট কতগুলো দল নিয়ে শুরু হয়েছিল। অথচ এখন টিকে আছে মাত্র আটটা। গ্যালাতাসারাই তাদেরই একটা। ওরা এ পর্যন্ত এসেছে যোগ্যতাবলেই।’ শেষ আটের ড্রয়ে প্রতিপক্ষ হিসেবে কাউকেই বিশেষভাবে এড়িয়ে যেতে চাননি, প্রার্থনাও করেননি। মরিনহোর দাবি, ‘ভয় পাওয়ার কিছুই নেই। কারণ শেষ আটে সবাই এত ভালো দল, এদের মধ্যে আলাদা করার কিছু নেই। যার সঙ্গেই আপনার খেলা পড়ুক, আপনি জানবেন, সামনে কঠিন একটা কাজই অপেক্ষা করছে।’গ্যালাতাসারাইয়ের খেলা দেখতে উড়ে গিয়েছিলেন তুরস্কে। সেই অভিজ্ঞতা থেকেই বলছেন, ‘এটা আমাদের জন্য কঠিন এক লড়াই হবে। আর তাই প্রথম লেগে নিজেদের মাঠে খেলার সুবিধাটা নিতে হবে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে যেটি নিতে পারিনি।’৩ এপ্রিল প্রথম লেগের খেলা সান্তিয়াগো বার্নাব্যুতে। ১১ এপ্রিল ফিরতি লেগ। সামনের প্রতিপক্ষকে যাচাই করে নিতে এসে মরিনহো দেখেছেন, ‘যা প্রত্যাশা করেছিলাম, তেমন একটা দল হিসেবেই ওদের পেয়েছি। চ্যাম্পিয়নস লিগে খেলতে অভ্যস্ত। শুধু দ্রগবা বা স্নাইডারের মতো এই ট্রফি জেতার অভিজ্ঞতা থাকা দুই খেলোয়াড়ই নয়, ওদের দলে আরও অনেক ভালো খেলোয়াড় আছে, যারা একসময় বিশ্বের সেরা ক্লাবগুলোতেও খেলেছে।’লিগ থেকে একরকম ছিটকে যাওয়ার সুফলটাই এখন দেখছেন মরিনহো। পুরো মনোযোগ চ্যাম্পিয়নস লিগে দিতে পারছেন। কোপা ডেল রেও জেতার হাতছানি দেখছেন। এএফপি, ওয়েবসাইট।