নিমবাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে বিসিবি
সিডন্স-অধ্যায়ের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাচ্ছে বর্তমান নির্বাচক কমিটিও। বর্তমান কমিটির সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রফিকুল আলমের নেতৃত্বাধীন আকরাম খান ও জাহিদ রাজ্জাককে নিয়ে গড়া এই কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩০ এপ্রিল। নতুন নির্বাচক প্যানেল গঠনের জন্য শিগগিরই পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটি গঠনের দায়িত্ব নিয়েছেন বিসিবির সভাপতি আ হ ম মোস্তফা কামাল।কালকের সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিমবাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে বিসিবি। সেই পদক্ষেপটা কী ধরনের, এ ব্যাপারে জানতে চাইলে বিসিবির প্রধান নির্বাহী মঞ্জুর আহমেদ জানিয়েছেন, ‘আপাতত আমরা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব। তাঁরা যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’সম্প্রচার-স্বত্ব বাবদ প্রায় সাড়ে পাঁচ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছিল ভারতীয় সম্প্রচারক সংস্থা নিমবাসের সঙ্গে। যে চুক্তির মেয়াদ শেষ হবে ২০১২ সালে। অথচ গত এক বছর ধরে নিমবাস একটি টাকাও বিসিবিকে দেয়নি। মঞ্জুর আহমেদ জানিয়েছেন, নিমবাসের কাছে বিসিবির পাওনার পরিমাণটি এরই মধ্যে প্রায় ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যেটি ১৫০ কোটি টাকারও বেশি!কালকের সভায় সদ্য প্রয়াত বিসিবির সাবেক কাউন্সিলর দস্তগীর চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবও গ্রহণ করা হয়।