নিমেষেই শেষ
লেখাটা ইংরেজিতে হলে এক ‘ম্যাসাকার’ বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু ম্যাসাকার শব্দের বাংলা ‘নির্বিচার হত্যাযজ্ঞ’ কথাটা ক্রিকেটের সঙ্গে ঠিক যায় না। ‘হারারেতে হারিকিরি’ও বলা যাচ্ছে না, কারণ উইকেট কাজে লাগিয়ে জিম্বাবুইয়ানরাও দারুণ বোলিংও করেছেন। প্রথম টেস্টের তৃতীয় দিনের সকালে যা হলো, সেটি খেয়ালি ক্রিকেটের ভুতুড়ে কাণ্ড। এতে কাল অভূতপূর্ব এক ঘটনার সাক্ষী হলো হারারে স্পোর্টস ক্লাব। ১৩৬ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো দলের শেষ পাঁচটি উইকেট পড়ল স্কোরকার্ডের রানের ঘরটাকে একই অঙ্কে স্থির রেখে। ৫ উইকেটে ১৩৪ থেকে ১৩৪ রানেই অলআউট। বিশ্ব রেকর্ডটি বাংলাদেশের হলো!রেকর্ডটা অবশ্য শেষ ৫ উইকেটের জন্য। ২০৮৬ ম্যাচের টেস্ট ইতিহাসে একই রানে ৫ উইকেট হারানোর ঘটনা আগেও ঘটেছে। বাংলাদেশের ইনিংসটি এ ঘটনার চতুর্থ উদাহরণ। আগের তিনটিই আবার নিউজিল্যান্ডের ‘কীর্তি’। তৃতীয় ঘটনাটাও একেবারে তাজা। গত বছরের মার্চেই ১৩৩ রানের মাথায় নিউজিল্যান্ড হারিয়েছিল ৫ উইকেট। হ্যামিল্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৩ রানে তৃতীয় উইকেট পড়েছিল নিউজিল্যান্ডের। এরপর দলটির সপ্তম উইকেটও যখন তুলে নিলেন দক্ষিণ আফ্রিকান বোলাররা, স্কোর তখনো ওই ১৩৩। ১৮৫ রানে অলআউট হওয়া কিউইরা ম্যাচটা হারে ৯ উইকেটে। ১৯৪৬ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এই ‘পঞ্চত্ব’প্রাপ্তি নিউজিল্যান্ডের। ওয়েলিংটনে ম্যাচের প্রথম ইনিংসে ২ উইকেটে ৩৭ থেকে দেখতে না-দেখতেই নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৩৭। আর্নি টোসাক ও বিল ও’রিলি মিলেই ধসিয়ে দেন স্বাগতিকদের। প্রথম ইনিংসে ৪২ পর্যন্ত যেতে পারা নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসেও মাত্র ৫৪ রানে অলআউট হয়ে ম্যাচটা হেরেছিল ইনিংস ও ১০৩ রানে। ১৯ বছর পর আরেক মার্চে আবারও একই ঘটনার শিকার নিউজিল্যান্ড। এবার অবশ্য বিদেশ-বিভুঁইয়ে পাকিস্তানের মাটিতে। রাওয়ালপিন্ডিতে ম্যাচের দ্বিতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ৫৯ রানেই পঞ্চম ও ষষ্ঠ উইকেট দুটি হারায় সফরকারীরা। দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল ওখানেই। পরের দিন ছিল বিরতি। এক দিনের ওই বিরতিও থামাতে পারেনি কিউই উইকেট পতনের ধারা। ওই ৫৯ রানেই পড়েছিল দলটির সপ্তম, অষ্টম ও নবম উইকেট। পাকিস্তানের মিডিয়াম পেসার মোহাম্মদ ফারুক ও বাঁহাতি স্পিনার পারভেজ সাজ্জাদ মিলে নেন এই ৫ উইকেট। পাকিস্তান ম্যাচ জেতে ইনিংস ও ৬৪ রানে।