নিম্নচাপে আক্রান্ত ওয়ানডে সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২-০ হবে, নাকি নিউজিল্যান্ড ফিরবে সিরিজে?মঙ্গলবার প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ের পর থেকেই বাতাসে ভেসে বেড়াচ্ছে এই প্রশ্ন। আরও কদিন এমনই ভেসে বেড়ানোর প্রবল সম্ভাবনা। আপাতত সবচেয়ে বড় প্রশ্ন যে অন্য—দ্বিতীয় ওয়ানডেটা আদৌ মাঠে গড়াবে কি না?ম্যাচ শুরুর প্রায় ১২ ঘণ্টা আগে এই প্রিভিউ যখন লিখছি, সারা দিন প্রায় বিরামহীন বৃষ্টি ইলশেগুঁড়ি হয়ে তখনো ঝরছে। সাগরে সৃষ্ট নিম্নচাপ প্রতিশ্রুতি দিচ্ছে আগামী কয়েক দিন বৃষ্টির তীব্রতা আরও বাড়ানোর। আচ্ছা, সোমবার তৃতীয় ওয়ানডেটা হতে পারবে তো?দ্বিতীয় ম্যাচের প্রিভিউয়েই তৃতীয় ম্যাচ নিয়ে আগাম অনিশ্চয়তা জানিয়ে ফেলাটা একটু অদ্ভুতই। কিন্তু কাল সন্ধ্যার পর দুই টিমের হোটেলে গিয়ে মনে হলো, দুই দলই বোধ হয় নিম্নচাপ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল এবং ‘শুক্রবার’-এর আশা বিসর্জন দিয়ে ‘সোমবার’ নিয়ে দুশ্চিন্তায় আক্রান্ত। ম্যাচের আগের সন্ধ্যায় নিয়মমতো টিম মিটিং-টিটিং হওয়ার কথা। এমন কিছু হয়েছে বলে খবর নেই। সাকিব আল হাসান ‘উত্তর জানা’ এমন ভঙ্গিতে পরিচিত সাংবাদিককে জিজ্ঞেস করলেন, ‘কী বুঝছেন, কাল কি খেলা হওয়ার কোনো চান্স আছে?’ নিয়তি আবার সাকিব আল হাসানকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দিয়েছে। তবে কয় ম্যাচের জন্য, সেটি বলা যাচ্ছে না। এই সিরিজের জন্য তো অবশ্যই। সেটিই বা কীভাবে নিশ্চিত হবেন? সাকিবকে এখনো বোর্ড থেকে এমন কিছু বলা হয়নি। সংবাদমাধ্যমকেও না। একটা টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেট বোর্ড কতটা অপেশাদার হতে পারে, নিত্যই এর প্রমাণ দিয়ে যাওয়াটাকে যেন অবশ্যকর্তব্য বলে মেনে নিয়েছে বিসিবি!ড্যানিয়েল ভেট্টোরিকে ধরা গেল না। হোটেলের রুমে ফোন করলে কে যেন একজন ধরলেন। ‘বাংলাদেশের সাংবাদিক’ পরিচয় পেয়ে কণ্ঠ গম্ভীর করে বললেন, ‘কী জানতে চান, বলুন?’ গলাটা ভেট্টোরির নয়! আপনি ভেট্টোরি বলছেন? ‘নো, বাট ইটস রেইনিং মেট’ বলে দারুণ একটা রসিকতা করা হয়েছে ভেবে হাসি। হাসিটা সমবেত। বোঝা গেল, ভেট্টোরির রুমে আড্ডা চলছে। পরদিন ম্যাচ হবে না বুঝে ফেললে যেমন হয় আরকি।আসলেই কি তাই? নাকি এটা ফলাফল ‘৪’ জেনে যাওয়ার পর দুইয়ে দুইয়ে মিলিয়ে নেওয়া! হতে পারে। তবে ভেট্টোরিরা দ্বিতীয় ওয়ানডের ভাগ্য বুঝে ফেলেছেন, এমন মনে করার কারণ তো অনেক আগেই ঘটেছে। সকালে বৃষ্টি মাথায় বাংলাদেশ দল মিরপুরের ইনডোরে প্র্যাকটিস করলেও নিউজিল্যান্ডরা ওমুখোই হলো না। বেলা দেড়টার দিকে হোটেল থেকে বেরোল দল, তবে মিরপুরের বদলে গন্তব্য হোটেলের পাশে দেশের বৃহত্তম শপিং মল। সস্তা ডিভিডির এই স্বর্গরাজ্যে এলে যেকোনো সফরকারী দলের সূচিতেই এটা অবশ্যপালনীয় তালিকার শীর্ষে থাকে। ডিভিডি-অভিযানের নেতৃত্বেও যথারীতি ড্যানিয়েল ভেট্টোরি।গত পরশু আইসিসি অ্যাওয়ার্ড নাইট হলো বেঙ্গালুরুতে। আইসিসির ক্যাটাগরিতে ‘জেন্টলম্যান ক্রিকেটার অব দ্য ইয়ার’ বলে কোনো পুরস্কার নেই। থাকলে নির্ঘাত ড্যানিয়েল ভেট্টোরি বোধ হয় টানাই তা পেয়ে যেতেন। টানা দ্বিতীয় আর সব মিলিয়ে তৃতীয়বার নিউজিল্যান্ডের ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার প্রাপ্তি অবশ্য তাঁরই পরোক্ষ স্বীকৃতি। অধিনায়কই তো দলে ক্রিকেটীয় চেতনার পতাকাবাহক।সেই পতাকাবাহক কিন্তু মনে মনে খুব চটে আছেন। বাংলাদেশে এসে দেখেছেন খটখটে রোদ, অথচ কবেকার একটু বৃষ্টিতে দুই প্রস্তুতি ম্যাচের একটিও হলো না! সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে কূটনৈতিক ভদ্রতা বিসর্জন দিয়ে তাই বলেও ফেলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে আসার আগে এর একটা হেস্তনেস্ত করেই আসবেন।আশ্চর্য ব্যাপার, ভেট্টোরির এই ঝাঁজালো মন্তব্য বিসিবিতে কোনো তোলপাড় তুলেছে বলে খবর নেই। তুললে বিকেএসপির মাঠটা বড় খুশি হতো। একসময় বিকেএসপির ছাত্রদের কাছে ‘তীর্থভূমি’র মতো এই মাঠটা বিসিবির অধিকারে আসার পর থেকে সারা বছর কেমন অযত্নে-অবহেলায় পড়ে থাকে, সেটি জানলে খেলা না হওয়ার আসল কারণটা বুঝতে পারতেন ভেট্টোরি। এবং আরও ক্ষুব্ধ হতেন।এত দিন আগে এসেও প্রস্তুতি ম্যাচ খেলতে না পারা, তার ওপর প্রথম ওয়ানডেতে পরাজয়—সাগরের নিম্নচাপ এখন ভেট্টোরির মনে স্থানান্তরিত। স্পিরিট অব ক্রিকেট ও সতীর্থ ব্রেন্ডন ম্যাককালামের টি-টোয়েন্টিতে বর্ষসেরা পারফরম্যান্সের স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়া থেকেই তা পরিষ্কার। কী বলেছেন ভেট্টোরি? ‘এই দুটি পুরস্কারের সঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়টাও যোগ হলে তা হবে রোমাঞ্চকর ব্যাপার।’ঠিক শুনলাম তো! বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের অনুভূতি বোঝাতে ‘রোমাঞ্চকর’ শব্দটার ব্যবহার! বড় কোনো দলের অধিনায়কের মুখে এই প্রথম। না, এই সিরিজটা জমজমাটই হবে।তবে বৃষ্টি এটিকে কয় ম্যাচের সিরিজ বানিয়ে ফেলে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন।