নিয়াজ-রাজীবের পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্জার পেইন্টস জাতীয় দাবায় কাল চমক দেখিয়েছেন সিভিল ডিভেন্সের দাবাড়ু মাসুম হোসেন। তৃতীয় রাউন্ডে মাসুম হারিয়ে দিয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদকে, কালো ঘুঁটি নিয়ে ৪৭ চালে জিতেছেন কুইনস ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে। নিয়াজের পথে হেঁটেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবও। তিনি হেরেছেন সোনালী ব্যাংকের গোলাম মোস্তফা ভূঁইয়ার কাছে। মোস্তফা কালো ঘুঁটি নিয়ে ইংলিশ ওপেনিংয়ে খেলে ৪৭ চালে জয়ী হন।

তৃতীয় রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। মিনহাজ কাল হারিয়েছেন শেখ নাসির আহমেদকে। নাসিরের সিসিলিয়ান ডিফেন্সের বিপক্ষে সাদা ঘুঁটি নিয়ে ৩১ চালে জিতেছেন মিনহাজ। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান হারিয়েছেন খন্দকার আমিনুলকে। জিয়া কালো নিয়ে জিতেছেন ৩১ চালে। আবদুল্লাহ আল রাকিব টানা দুটি ড্রয়ের পর কাল হারিয়েছেন সোহেল চৌধুরীকে আর রেজাউল হক হারিয়েছেন মাহতাবউদ্দিনকে। দেবরাজ চ্যাটার্জি ড্র করেছেন উতেন রাখাইনের সঙ্গে।