নিয়াজকে হারাতে পারেননি জিয়া
মাত্র ১১ চালের মাথায় ড্রয়ের প্রস্তাব পেয়েছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। কিন্তু গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের দেওয়া প্রস্তাবটা কাল না মেনে খেলা চালিয়ে গেছেন। ৭৫ চাল পর্যন্ত গিয়েও অবশ্য জিততে পারেননি জিয়া। শেষ পর্যন্ত ড্র-ই হয়েছে ম্যাচটি।
শিরোপার পথে এগিয়ে চলা জিয়ার জন্য কাল অষ্টম রাউন্ডের ম্যাচটা ছিল খুব গুরুত্বপূর্ণ। পুরো ১ পয়েন্ট পেলে আরও এগিয়ে যেতেন। তার পরও এই আধা পয়েন্টসহ ৮ খেলায় ৭ পয়েন্ট তাঁকে শীর্ষে রেখেছে এককভাবে। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং বর্তমান চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ৬ পয়েন্ট নিয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে থাকা নিয়াজ মোরশেদের পয়েন্ট সাড়ে পাঁচ। অষ্টম রাউন্ডে রাজীব মাসুম হোসেনকে, রাকিব শেখ নাসির আহমেদকে, দেবরাজ চ্যাটার্জি গোলাম মোস্তফাকে, উতেন রাখাইন মাহতাব উদ্দিনকে, সোহেল চৌধুরী রেজাউল হককে হারিয়েছেন। মিনহাজউদ্দিন আহমেদ হেরে গেছেন খন্দকার আমিনুল ইসলামের কাছে।