নিরাপত্তা-উন্মাদনায় পাকিস্তানে ‘আন্তর্জাতিক ক্রিকেট’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ম্যাচ তো নয়ই, নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতিও। পাকিস্তান ক্রিকেট বোর্ড-স্বীকৃত ম্যাচও নয়। তারকা কয়েকজন আছেন বটে, তবে সবাই হারিয়ে যাওয়া বা ফুরিয়ে যাওয়া তারকা। দর্শকের তাতে থোড়াই কেয়ার! ‘আন্তর্জাতিক একাদশ’ নামটাই যেন যথেষ্ট। পাকিস্তানের বুভুক্ষু ক্রিকেট দর্শকের ঢল নামল পরশু করাচির জাতীয় স্টেডিয়ামে। ৩২ হাজার দর্শকে উপচে পড়া গ্যালারি নাচ-গান-উল্লাসে উপভোগ করল ‘আন্তর্জাতিক’ ক্রিকেট। দুই টি-টোয়েন্টির প্রথমটিতে আন্তর্জাতিক একাদশকে ৮৪ রানে হারাল পাকিস্তান অলস্টার। দ্বিতীয় ম্যাচটি হয়ে যাওয়ার কথা কাল রাতেই।পাওয়ার প্লের ৬ ওভারেই ৮৩ রান তুলে ফেলেছিলেন পাকিস্তানের দুই ওপেনার শাহজাইব হাসান (২১ বলে ৫৪) ও ইমরান নাজির (১৯ বলে ২৯)। আন্তর্জাতিক একাদশের বেশির ভাগ ক্রিকেটার খেলার বাইরে। এর ছাপ ছিল বোলিং-ফিল্ডিংয়ে। বাজে বোলিং-ফিল্ডিংয়ের সঙ্গে ক্যাচ মিসের মহড়া। উমর আকমল (৩৭ বলে ৬৭*), শহীদ আফ্রিদিরা (৭ বলে ১৮) পাকিস্তান অলস্টারকে এনে দেন ২২২ রান।আন্তর্জাতিক একাদশ প্রথম ওভারেই হারায় অধিনায়ক জয়াসুরিয়াকে (৬ বলে ১০)। টানা তিন বলে রিকার্ডো পাওয়েল (৫), জার্মেইন লসন ও থান্ডি শাবালালার স্টাম্প উড়িয়ে হ্যাটট্রিক করেন ফাস্ট বোলার তাবিশ খান। ৫২ রানে ৬ উইকেট হারায় আন্তর্জাতিক একাদশ। চোটের কারণে নয়ে নামা লুটস বসম্যান (১৬ বলে ২৭*) ও আফগান পেসার শাপুর জাদরান (৪২) মিলে দলকে ১৩৮ পর্যন্ত নিয়ে যান।তবে ম্যাচের ফলাফল, ব্যক্তিগত পারফরম্যান্স এসবের তাৎপর্য এই ম্যাচে সামান্যই। বিভিন্ন দেশের বর্তমান-সাবেক বেশ কজন ক্রিকেটার একটি আন্তর্জাতিক দলের ব্যানারে পাকিস্তান গেছেন, প্রায় চার বছর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ না-পাওয়া দর্শকের ঢল নেমেছে মাঠে, গুরুত্বপূর্ণ এসবই। হয়তো ছোট্ট একটা পদক্ষেপ, কিন্তু এই ম্যাচ দুটি যেন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে এক ধাপ এগিয়ে যাওয়া। আন্তর্জাতিক একাদশের অধিনায়ক জয়াসুরিয়ার কণ্ঠে সেই আশাবাদ, ‘বড় এক উপলক্ষ এটা, এখানকার সব ক্রিকেটার এই উৎসবের অংশ হতে পেরে রোমাঞ্চিত। দর্শকের ঢল এর ঔজ্জ্বল্য আরও বাড়িয়ে দিয়েছে। এই সবকিছুই বলছে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট না হওয়া কতটা দুর্ভাগ্যজনক। আশা করি, একটু হলেও এই ম্যাচ পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে সহায়তা করবে।’প্রতিশ্রুতিমতোই ম্যাচে কড়া নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা করেছিল সিন্ধ প্রাদেশিক সরকার। কোনো ধরনের বিস্ফোরক পুঁতে রাখার সুযোগ যাতে না পাওয়া যায়, এ জন্য স্টেডিয়ামের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ করা হয় ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগেই। মাঠের ভেতরে-বাইরে দায়িত্বে ছিল প্রায় ৫ হাজার পুলিশ, কড়া তল্লাশির পরই কেবল মাঠে ঢুকতে পেরেছে দর্শকেরা। পুলিশের ১২টি গাড়ি, সাঁজোয়া যান, বিস্ফোরক নিরোধক সরঞ্জাম আর প্রশিক্ষিত ডগ স্কোয়াডের প্রহরায় ক্রিকেটারদের মাঠে নিয়ে যাওয়া হয়। ওয়েবসাইট।