নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
হায়দরাবাদে বোমা হামলার পর নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে শঙ্কিত ভারত সফররত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। আগামী ২ মার্চ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে এই হায়দরাবাদে। এর আগে গতকালের এই বোমা হামলা চিন্তায় ফেলে দিয়েছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে। বিষয়টি নিয়ে তাঁরা ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন বলে অনুমান করা হচ্ছে।গতকাল রাতে ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের রাজধানী হায়দরাবাদে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় ১৩ জন নিহত হয়। আহত হয়েছে অন্তত ৮৪ জন। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের শঙ্কিত হওয়াটা স্বাভাবিক। তবে এখনো হায়দরাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টটির ভেন্যু পরিবর্তন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া দলের গণমাধ্যম কর্মকর্তা ম্যাচ সেনিন। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা চেন্নাইয়ে নিরাপদেই আছি। আর প্রথম টেস্টে ভালো করা নিয়েই ভাবছি। হায়দরাবাদের বোমা বিস্ফোরণ নিয়ে আমাদের কিছু বলার নেই। যদি অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা পরে সবাইকে জানানো হবে।’ ভেন্যু পরিবর্তন হলে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে কলকাতা, বেঙ্গালুরু বা নাগপুরে। ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজ উপভোগ করতে আসা অস্ট্রেলিয়ান সমর্থক ও পর্যটকদের নিয়েও খানিকটা উদ্বেগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।তবে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে মনে করছেন হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এম ভি শ্রীধর। তিনি বলেছেন, ‘এই বোমা হামলা হয়েছিল আকস্মিকভাবে। কিন্তু এখন হায়দরাবাদে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টটি নিয়ে আশঙ্কার কোনো প্রয়োজন নেই। এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গেও আমাদের কোনো যোগাযোগ এখনো হয়নি। আমি নিশ্চিত, সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং ম্যাচটা সঠিক সময়ে অনুষ্ঠিত হবে।’— টাইমস নিউজ নেটওয়ার্ক