নিরাপত্তা নিয়ে আইসিসির সন্তোষ
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ধরা শঙ্কার কালো মেঘটা দূর হয়েছে আগেই। টানা মাস দেড়েকের ঝঞ্ঝাবিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি পেছনে ফেলে স্থিতিশীল বাংলাদেশের অবস্থা। কাল দুবাইয়ের আইসিসির সভাও সুখবর দিয়েছে বাংলাদেশকে। কিছু দিন আগে ঢাকায় হয়ে যাওয়া নিরাপত্তাবিষয়ক বৈঠকের সারবত্তা নিয়ে আলোচনা হয়েছে দুবাইয়ে। আইসিসি সন্তোষ প্রকাশ করেছে নিরাপত্তাব্যবস্থা নিয়ে।
এদিকে কালই মেয়েদের ক্রিকেটে নতুন টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত হয়েছে। দুবছর ধরে চলা এই টুর্নামেন্ট পেরিয়েই সুযোগ পেতে হবে ওয়ানডে বিশ্বকাপে। কাল আইসিসি জানিয়েছে, র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান এ বছরের মাঝামাঝি থেকে শুরু করে ২০১৬ সাল পর্যন্ত নিজেদের মধ্যে খেলবে। এখান থেকে শীর্ষ ছয় দল সরাসরি সুযোগ পাবে ২০১৭ সালের ইংল্যান্ড বিশ্বকাপে। বাদ পড়া দুটি দল আঞ্চলিক বাছাইপর্ব পেরিয়ে আসা কিছু দলের সঙ্গে বাছাইপর্বে খেলে সুযোগ পেতে পারে। আইসিসি বিজ্ঞপ্তি।