নিরাপত্তা নিয়ে বাড়তি চিন্তা
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে শ্রীলঙ্কা। কিন্তু হাম্বানটোটায় স্বাগতিক দর্শকেরা হারকে সহজভাবে মানতে পারেনি। তারা ম্যাচ শেষে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে। ব্যারিকেড তো ভেঙেছেই, এমনকি জোর করে ঢোকার চেষ্টা করেছে মাঠে। ম্যাচ শুরুর আগেই বিক্রি হয়ে গিয়েছিল ৩৫ হাজার টিকিটই। মাঠে ঢুকতে না পেরে সমর্থকেরা এমনিতেই ফুঁসছিল ক্ষোভে। তারপর বৃষ্টির প্রকোপে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে মাত্র ৭ ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে আবার হেরেও বসে লঙ্কানরা। সবকিছু মিলে পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ হয়েছে ম্যাচ শেষে। জানা গেছে, মাঠের আশপাশের যানবাহনের ওপর পাথরও ছুড়ে মারে সমর্থকেরা। তবে নিরাপত্তা বাহিনীর প্রধান কামিলুস আবেগুনাবর্ধানা জানিয়েছেন, কোনো খেলোয়াড় বা দর্শক আঘাত পায়নি। হাম্বানটোটায় আর কোনো বিশ্বকাপের ম্যাচ হবে না বটে, তবে এ ঘটনার পর পাল্লেকেলে ও কলম্বোতে নিরাপত্তাব্যবস্থা আগের চেয়ে অনেক জোরদার করা হয়েছে। খেলোয়াড়দের হোটেলগুলোয়ও সশস্ত্র পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। এখন আর কোনো অঘটন না ঘটলেই হয়! এএফপি।