মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকতে এত দিন একটা সিসি ক্যামেরাই চোখে পড়ত সবার। মূল ভবনের দেয়ালে লাগানো সেই ক্যামেরার পাশে এদিক-সেদিক ঘুরিয়ে কাল লাগানো হলো আরও তিন-চারটি ক্যামেরা। মাঠে ঢোকার মুখেও লাগানো হয়েছে একটি। সব মিলিয়ে পুরো স্টেডিয়ামে এত দিন যে কয়টি সিসি ক্যামেরা ছিল, এখন আছে তার চেয়ে আট-দশটি বেশি।
হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর দেশের সর্বত্রই অজানা আতঙ্ক। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামও এর বাইরে নয়। বিসিবি তাই গত সপ্তাহে স্টেডিয়ামে প্রবেশমুখের নিরাপত্তা বাড়িয়েছে। সেটারই ধারাবাহিকতায় কাল বাড়তি সিসি ক্যামেরা লাগানো হলো মূল ফটক, একাডেমি ভবন, ইনডোর ও অভ্যর্থনা এলাকায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, ‘ডিএমপি থেকে সব স্পর্শকাতর প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়ানোর জন্য বলা হয়েছে। সে নির্দেশনা মেনেই এসব ক্যামেরা লাগানো হয়েছে। স্টেডিয়াম ও বিসিবি কার্যালয়ের নিরাপত্তা বাড়াতে আরও ব্যবস্থা নেওয়া হবে।’
সেই ব্যবস্থার মধ্যে থাকছে স্টেডিয়াম কমপ্লেক্স থেকে চটপটি-ফুচকাসহ সব ধরনের দোকান উচ্ছেদ ও স্টেডিয়ামের উল্টো দিকের রাস্তার অবৈধ বাস পার্কিং অপসারণ। এ জন্য পুলিশের সহায়তাও চাওয়া হয়েছে বলে জানা গেছে বোর্ড সূত্রে। উচ্ছেদ অভিযান চালানোর কথা আজকালের মধ্যেই।
বিসিবির বাড়তি নিরাপত্তার উদ্যোগ নেওয়ায় ক্রিকেটাররাও স্বস্তি বোধ করছেন। মাশরাফি বিন মুর্তজার ভাষায়, ‘সবার সুবিধার জন্যই এটা করা হয়েছে (নিরাপত্তা বাড়ানো)। এতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। সবই ঠিক আছে।’
কিন্তু স্থাপনার নিরাপত্তা বাড়িয়ে কি দূর করা যাবে মারিও ভিল্লাভারায়ন-রিচার্ড হ্যালসলদের মতো বিদেশি কোচ–ট্রেনারদের মনের ভয়! কাল থেকে শুরু জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অনুপস্থিতির কারণ পারিবারিক হলেও বিসিবির দেওয়া ব্যাখ্যার সঙ্গে আসল ব্যাখ্যার কিছুটা পার্থক্য আছে।
ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানিয়েছেন, ঈদের পর মারিওর পরিবার ঢাকা থেকে স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় চলে গেছে। পরিবারকে সেখানে একটু থিতু করে দিয়েই ঢাকায় ফিরবেন এই শ্রীলঙ্কান এবং সেটা আগামী চার-পাঁচ দিনের মধ্যে। এর সপ্তাহ খানেক পর ফিরবেন চন্ডিকা হাথুরুসিংহেসহ অন্য বিদেশি কোচরা। তবে বোর্ডেরই একটি সূত্র জানিয়েছে, মারিও এবং তাঁর স্ত্রী অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ায় অস্ট্রেলিয়ান দূতাবাস থেকে বাংলাদেশে অবস্থানের ব্যাপারে দুজনকেই সতর্কবার্তা দেওয়া হয়েছে। মারিওর স্ত্রী নাকি সে কারণেই ঢাকায় থাকা নিয়ে একটু আতঙ্কিত।
বিদেশি কোচরা সবাই ফিরবেন—এই আশার সঙ্গে বিসিবি আশাবাদী অক্টোবরের ইংল্যান্ড সিরিজ নিয়েও। আকরাম খানের ভাষায়, ‘ইংল্যান্ডের কাছ থেকে আমরা এখনো নেতিবাচক কিছু শুনিনি।’ প্রধান নির্বাহী কর্মকর্তারও একই বক্তব্য, ‘সিরিজ নিয়ে তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে।’