নিরাপত্তা-বিতর্কে এবার ‘কাইজার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোই ফ্যাসাদে পড়ে গেছেন উলি হোয়েনেস। অ্যাঙ্গোলায় কিছুদিন আগে যা ঘটে গেল, সেই ঘটনা টিভিতে দেখে আর পত্রপত্রিকায় পড়ার পর জার্মানির সাবেক এই ফরোয়ার্ড মন্তব্য করেছিলেন, বিশ্বকাপ আয়োজনের ভার দক্ষিণ আফ্রিকাকে দেওয়া একটা মস্ত বড় ভুল ছিল। তাঁর কথার সারাংশ একটাই—দক্ষিণ আফ্রিকায় জীবনের নিশ্চয়তা নেই!খেলোয়াড় জীবনে যেমন আটকা পড়তেন ডিফেন্ডারদের ফাঁদে, হোয়েনেস তেমনি এখন আটকা পড়ছেন সমালোচনার জালে। জার্মানির শীর্ষ ক্লাব বায়ার্ন মিউনিখের সভাপতি হিসেবে আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, এমন উটকো মন্তব্য করা উচিত হয়নি—হোয়েনেসের সমালোচনা এ কারণেই। হোয়েনেসের সমালোচনায় মুখর বেশি বায়ার্নের প্রেসিডেন্ট হিসেবে তাঁরই পূর্বসূরি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ফিফা নির্বাহী কমিটির সদস্য ‘কাইজার’ বলছেন, ‘দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ দেওয়ার সিদ্ধান্তটি একদম সঠিক ছিল। কারণ তারা এ মহাযজ্ঞের সফল আয়োজনে সক্ষম।’ঘটনার শুরু হোয়েনেসের সেই বিস্ফোরক মন্তব্য দিয়ে, যেখানে তিনি জানিয়ে দিয়েছিলেন, বেঘোরে প্রাণ দিতে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কোনো শখ নেই তাঁর, ‘আমি দক্ষিণ আফ্রিকায় যাব না। আমি আসলে দক্ষিণ আফ্রিকায় কিংবা আফ্রিকা মহাদেশের কোথাও বিশ্বকাপ হবে এটা কখনোই মানতে পারব না, যতক্ষণ না শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে।’এমনিতেই টিকিট বিক্রির হার হতাশাজনক। অ্যাঙ্গোলা-পরবর্তী ঘটনায় ফিফাসহ বিশ্বকাপের আয়োজকেরা যখন গুমোট পরিস্থিতি হালকা করার চেষ্টায় ব্যস্ত, তখনই কিনা হোয়েনেসের মতো একজন বলে বসলেন, ‘এখন আর আর্তনাদ করে লাভ নেই। কীভাবে বিশ্বকাপটাকে ভালো করা যায় সেই চেষ্টাই করতে হবে।’কিন্তু অধিনায়ক ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতা বেকেনবাওয়ার মনে করছেন, হোয়েনেসের এই ধারণা সঠিক নয়, ‘হোয়েনেস এমন কিছু বলেছে সম্ভবত ভুল কোনো তথ্যের ভিত্তিতে, যেটা সম্পূর্ণ ভুল। দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ আয়োজনের অনুমতি দেওয়া মোটেও খারাপ কোনো সিদ্ধান্ত ছিল না। এ বছর তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত।’দক্ষিণ আফ্রিকা অ্যাঙ্গোলা নয়, এটা মেনে নেওয়া যায়। কিন্তু এই দেশের অপরাধপ্রবণতার হারও তো অনেক বেশি। বেকেনবাওয়ারের পাল্টা প্রশ্ন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজেদের শতভাগ নিরাপদ দাবি করবে এমন দেশও কি আছে? ‘সোয়েটোয় (জোহানেসবার্গের শহর এলাকা) রাতে একা একা ঘুুরলে হয়তো আপনি ঝামেলায় পড়তে পারেন। কিন্তু নিউইয়র্কের সাউথ ব্রনক্সেও তো একা রাতে হাঁটা যায় না। নিরাপত্তার নিশ্চয়তা কোনো দেশেই দেওয়া যায় না। ২০০৬ সালে জার্মানিতেও ছিল না। দুর্ঘটনা যেকোনো সময়েই ঘটতে পারে। কিন্তু সমর্থকদের নিঃশঙ্ক চিত্তে আমি দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আহ্বান জানাই।’ এএফপি।