নিরাপত্তা বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অতিথি’ সমাগম প্রায় শেষ। এবার অতিথি সৎকারের পালা। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আজ টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দেশগুলোর নিরাপত্তাবিষয়ক প্রতিনিধিদের এক সভা অনুষ্ঠিত হবে ঢাকার র‌্যাডিসন হোটেলে।
সভায় যোগ দিতে পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন। কাল রাতের মধ্যেই আসার কথা ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রতিনিধিদেরও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া অন্তত সাত-আটটি দেশের নিরাপত্তা প্রতিনিধিরা আজকের সভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
সভায় মূলত এসব নিরাপত্তা প্রতিনিধিদের বিশ্বকাপের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে অবহিত করা হবে। ‘আমরা কী কী নিরাপত্তাব্যবস্থা নিতে যাচ্ছি সে সম্পর্কে তাঁদের আমাদের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে ব্রিফ করা হবে। এর পরও যদি নিরাপত্তাব্যবস্থায় কেউ কোনো কিছু অন্তর্ভুক্ত করতে বলেন, আমরা সেগুলো করব’—বলেছেন নিজাম উদ্দিন চৌধুরী।
এদিকে গত পরশুই ঢাকায় এসে পৌঁছা পাকিস্তানের নিরাপত্তা প্রতিনিধি কর্নেল আজম খান কাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন, নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেছেন বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর সঙ্গেও। পরে সাংবাদিকদের তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তাঁর কাছে স্বাভাবিকই মনে হচ্ছে। এই অবস্থা থাকলে এখানে দল পাঠানোর ব্যাপারে পাকিস্তানের উদ্বেগের কিছু নেই।