নিরাপত্তা বৈঠকে 'সন্তুষ্ট' সবাই
ঢাকার সেই যানজট ফিরে এসেছে বেশ কদিন আগেই। সারা দেশেও জনজীবন স্বাভাবিক। তার পরও কাল ঢাকায় হয়ে গেল ‘নিরাপত্তা বৈঠক!’ আসলে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অনেক আগেই নির্ধারিত হওয়া একটি রুটিন বৈঠক এটিই। তবে বাংলাদেশে নিরাপত্তা নিয়ে গত কিছুদিনের হইচইয়ে এই রুটিন বৈঠকই হয়ে উঠেছিল মহাগুরুত্বপূর্ণ। তবে সভাটি হয়েছে রুটিন সভার মতোই। বিসিবি-প্রধান নাজমুল হাসান জানালেন, নিরাপত্তা নিয়ে বড় কোনো প্রশ্ন তোলেননি সভায় উপস্থিত অন্য বোর্ডগুলোর প্রতিনিধিরা।
টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা আগেই আইসিসির মাধ্যমে সব বোর্ডের কাছে পাঠিয়েছিল বিসিবি। তার পরও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা এসেছেন নিরাপত্তা পরিকল্পনা স্বচক্ষে দেখতে। রাজধানীর এক হোটেলে কালকের নিরাপত্তা বৈঠক তাঁদের জন্যই। নাজমুল হাসানের দাবি, সভায় উপস্থিত সব প্রতিনিধিই সন্তুষ্ট, ‘আমরা নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছি। উপস্থিত কয়েকজন বেশ কিছু পরামর্শ দিয়েছেন, আমরা বলেছি সেগুলোর বাস্তবায়ন করব। রাজনৈতিক অস্থিরতা এখন প্রায় নেই-ই, আমাদের নিরাপত্তা পরিকল্পনাও দারুণ আঁটোসাঁটো। খুব বড় কোনো প্রশ্ন তাই কেউ তোলেননি। সরকারের নিরাপত্তা সংস্থার সদস্যরাও ছিলেন সভায়। তাঁদের সঙ্গেও কথা বলেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আমার ধারণা, তাঁরা সবাই সন্তুষ্ট।’
সবাই সন্তুষ্ট হলেও পাকিস্তানের কথা উঠেছে আলাদা করেই। পিসিবির প্রতিনিধি কর্নেল আজম খানকে আশ্বস্ত করেছেন বিসিবি-প্রধান, ‘রাজনৈতিক সহিংসতা নয়, পাকিস্তানের দুশ্চিন্তা ছিল মূলত পাকিস্তানবিরোধী আন্দোলন নিয়ে। আমরা ওদের বলেছি যে ক্রিকেট এই সবকিছুর বাইরে। বলেছি, প্রয়োজনে আমরা ওদের বাড়তি নিরাপত্তা দেব।’