নিরাপত্তাব্যবস্থায় ‘সন্তুষ্ট’ কামাল
টিম মে বলে দিয়েছেন, পাকিস্তান সফরের ঝুঁকি ‘অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি’। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সাবেক অস্ট্রেলীয় টেস্ট অফ স্পিনারের উদ্বেগের যৌক্তিক কারণ আছে। কারণ, তিনি ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ফিকা) সভাপতি।টিম মে এ কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাকিস্তানে দল পাঠানোর তোড়জোড় দেখে। এটা তাঁর নিজের মতামত নয়। বিশ্বের শীর্ষস্থানীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতটাই জানিয়েছেন মে। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আ হ ম মুস্তফা কামাল যেন যেকোনো মূল্যে বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠানোর প্রতিজ্ঞা করে বসেছেন। গত পরশু নয় সদস্যের প্রতিনিধিদলের সফর শেষে লাহোরে সংবাদ সম্মেলনে নিরাপত্তাব্যবস্থায় ‘সন্তুষ্টি’ প্রকাশ করে এপ্রিলে বাংলাদেশ দলের সফরের এক রকম চূড়ান্ত ঘোষণাই দিয়ে ফেলেছেন। একটু ‘ফাঁক’ অবশ্য রেখেছেন—সরকার এবং আইসিসির অনুমোদন সাপেক্ষে। ‘নিরাপত্তার সব আয়োজন দেখার পর আমরা সবাই একমত এবং সন্তুষ্ট যে, নিরাপত্তা অবকাঠামো ঠিক আছে। এখন সফরের জন্য সরকারকে রাজি করানো এবং অনুমোদনের জন্য আইসিসিকে অনুরোধ করাটা আমার দায়িত্ব’—বলেছেন কামাল।গত শনিবার বাংলাদেশের প্রতিনিধিদলকে নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত বুঝিয়ে বলার পর রোববার দেখানো হয় সেটির পোশাকি মহড়া। বাংলাদেশ দল সফরে গেলে লাহোরে যে হোটেলে থাকবে, সেই পার্ল কন্টিনেন্টাল থেকে গাদ্দাফি স্টেডিয়াম পর্যন্ত ৫০০ পুলিশ মোতায়েন করা হয়। বাংলাদেশ প্রতিনিধিদল ও পিসিবির চেয়ারম্যান জাকা আশরাফসহ পিসিবির লোকজন বাসে করে পুলিশের দুটি জিপ, একটি ট্রাক এবং বেশ কিছু মোটরবাইকের পাহারায় হোটেল থেকে মাঠে যান। স্টেডিয়ামের ওপর তখন চক্কর দিচ্ছিল দুটি হেলিকপ্টার। মাঠে কোনো দুর্ঘটনা ঘটলে কীভাবে খেলোয়াড় ও দর্শককে হেলিকপ্টারের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে, তার একটা মহড়াও দেখানো হয়।সবকিছু দেখে কামাল যারপরনাই সন্তুষ্ট, ‘আমরা এখানে তিনটি উদ্দেশ্য নিয়ে এসেছিলাম। একটা হলো অবকাঠামো দেখা, দ্বিতীয় হলো নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে জানা, তৃতীয় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার সামর্থ্য দেখা। আমরা সবাই একমত যে তিনটি বিষয়ই ঠিক আছে।’টিম মে যে প্রশ্নটা তুলেছেন, সেটি আরও বড় হয়ে উঠছে এই ঘোষণায়। মূলত বোর্ড কর্মকর্তা ও আমলাদের নিয়ে গড়া বাংলাদেশের প্রতিনিধিদলে নিরাপত্তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার মতো এমন কোনো নিরাপত্তা বিশেষজ্ঞ আছেন? পাকিস্তান সফরে গেলে যাঁদের জীবন ঝুঁকির মুখে পড়বে, প্রতিনিধিদলে সেই খেলোয়াড়দের কোনো প্রতিনিধি না থাকাটাও জন্ম দিয়েছে বড় এক প্রশ্নের।কারও মনে হতেই পারে, পাকিস্তানে যাওয়ার আগেই সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলেন মুস্তফা কামাল। কারণটাও অনুমেয়। আইসিসির সভাপতি পদে পিসিবির সমর্থনের ‘বিনিময় মূল্য’ শোধ করতে হবে না! তথ্যসূত্র: এএফপি ও ক্রিকইনফো।