সব জল্পনা-কল্পনা আর সংশয়কে পেছনে ফেলে আজ দিল্লিতে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের ১৯তম আসর। ভারতের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় এ আয়োজনকে সামনে রেখে গোটা দিল্লিকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার ভারী চাদরে। অংশগ্রহণকারী দলগুলো গেমসের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করার পর থেকে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে প্রকাশিত এক খবরে জানা গেছে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী প্রায় সাত হাজার অ্যাথলেট ও ক্রীড়া স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোটা শহরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৮০ হাজার পুলিশ। এর পাশাপাশি আধাসামরিক বাহিনী সিআরপিএফের ২০ হাজার সদস্য, পুলিশের বিশেষ বাহিনী ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) এক হাজার ৫০০ সদস্য এবং নাশকতা দমনের জন্য আরও শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোটা দিল্লিতে ডগ স্কোয়াডের ৩০০ কুকুর সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এ ছাড়া দায়িত্ব পালন করবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। দিল্লি শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তিন হাজার ক্লোজ সার্কিট ক্যামেরা।নিয়মিত পুলিশ ও সন্ত্রাস দমন বাহিনীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার গেমস ভিলেজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। হেলিকপ্টারগুলো সার্বক্ষণিক গেমস ভিলেজের ওপর চক্কর দিয়ে নিরাপত্তা রক্ষার কাজ করে যাচ্ছে।গতকাল শনিবার থেকেই রাজধানী দিল্লির সব বিপণিবিতান সরকারি নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে নিরাপত্তা বাহিনী। আজ রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এমনিতেই রাজধানীর রাস্তাঘাটে গাড়ি চলাচল অনেকটাই কম। তার পরও কমনওয়েলথ গেমসের নিরাপত্তার জোরদার ব্যবস্থায় দিল্লি শহর অনেকটাই ভুতুড়ে রূপ নিয়েছে।