নিরাপত্তার চাদরে বঙ্গবন্ধু স্টেডিয়াম
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে। স্টেডিয়ামের প্রধান গেট দিয়ে সংবাদকর্মীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। গতকাল দুপুরে এই গেট দিয়ে ঢুকতে গিয়ে সংবাদকর্মীদের পড়তে হলো পুলিশের বাধার মুখে, ‘ভেতরে ঢোকা যাবে না!’ সার্বিক নিরাপত্তার স্বার্থে ওপর মহল থেকে এমন নির্দেশ এসেছে বলে জানালেন ওই পুলিশ সদস্য। ১৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্যই এই সতর্কতা।এ তো গেল অনুষ্ঠানের ১০ দিন আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা। আগামী দু-তিন দিনের মধ্যে পুরো স্টেডিয়াম এলাকাতেই সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। স্টেডিয়াম এলাকায় অবস্থিত অন্য ফেডারেশনের কর্মকাণ্ড স্থগিতও রাখতে হচ্ছে এই কারণে। বক্সিং ফেডারেশনের কোষাধ্যক্ষ জহির চৌধুরী জানালেন, ‘আমাদের দুটি কক্ষ চেয়েছে এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ)। সেখানে সেনাবাহিনীর সদস্যরা থাকবেন।’ ব্যাডমিন্টনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (কচি) জানিয়েছেন, নিরাপত্তার কারণে আপাতত ব্যাডমিন্টনের অনুশীলনও পিছিয়ে দিয়েছেন তাঁরা। ২৪ ফেব্রুয়ারি পুনেতে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে অনূর্ধ্ব-১৯ দলের অনুশীলন চলছিল উডেনফ্লোর জিমনেসিয়ামে। বাটা মিনি হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল ১১ ফেব্রুয়ারি। সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানালেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর।বঙ্গবন্ধু স্টেডিয়ামের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা সমন্বয় সেল গঠন করা হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানের দিন স্টেডিয়ামের প্রতিটি গেটে আর্চওয়ে, মেটাল ও বিস্ফোরক নির্ণয়যন্ত্র বসানো হবে। অনুষ্ঠান শুরুর আগে বোমা বিশেষজ্ঞ দল দিয়ে তল্লাশি চালানো হবে পুরো এলাকায়।