নিরাপত্তার চাদরে ব্রাজিল
বিশ্বকাপ শুরু হতে ১২ দিন বাকি, অথচ ব্রাজিল এখনো অস্থির৷ প্রতিটি শহরেই চলছে বিশ্বকাপবিরোধী বিক্ষোভ, প্রতিবাদ৷ আসছে কোনো না কোনো সংগঠনের ধর্মঘটের খবর। তবে যা-ই হোক না কেন, বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ব্রাজিল প্রশাসন৷
নিরাপত্তার দায়িত্বে থাকবেন এক লাখ ৭০ হাজার নিরাপত্তাকর্মী। বেশির ভাগই সেনা ও পুলিশ সদস্য৷ শুধু তা-ই নয়, ব্যবস্থা রাখা হয়েছে সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের। যা নিয়ন্ত্রিত হবে মিলিটারি পুলিশ, সিভিল পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে। এ ছাড়া পুরো টুর্নামেন্ট জুড়েই ১২টি ভেন্যুর প্রতিটিতে অন্তত এক হাজার ৮০০ বেসরকারি নিরাপত্তা প্রহরী কাজ করবেন। দেশের মধ্যে বিশ্বকাপবিরোধী বিক্ষোভকারীদের নিয়ে দুশ্চিন্তা তো আছেই, ব্রাজিলিয়ান প্রশাসন সতর্ক উগ্র দেশি-বিদেশি সমর্থকদের নিয়েও। বিশেষ করে সীমান্ত পেরিয়ে প্রায় হাজার দশেক উগ্র আর্জেন্টাইন সমর্থক ব্রাজিলে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ‘বারাস ব্রাভাস’ নামে পরিচিত ওই সমর্থকেরা ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপেও নানা সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। ব্রাজিলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এরই মধ্যে আর্জেন্টাইন গোয়েন্দা সংস্থার কাছ থেকে এ রকম সমর্থকদের একটি তালিকা দেওয়া হয়েছে তাদের। সব মিলিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তাই থাকবে বলে প্রত্যাশা করছেন স্থানীয় আয়োজক কমিটির নিরাপত্তা প্রধান হিলারিও মেদেইরসও। এএফপি।