নিরাপত্তায় কোনো ছাড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসীদের হামলা এখনো ভোলেনি ক্রিকেটবিশ্ব। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিশ্বকাপের কোনো ম্যাচ পায়নি পাকিস্তান। বিশ্বকাপে সন্ত্রাস যাতে কালো থাবা মেলতে না পারে, তা নিয়ে বেশ সতর্ক আইসিসি।কাল উদ্বোধনী ম্যাচে মিরপুর স্টেডিয়ামকে ঘিরে ছিল নিরাপত্তা বলয়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও আধা সামরিক বাহিনী মিলিয়ে মিরপুরকে ঘিরে রেখেছিল প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী। পুলিশের মুখপাত্র এম সোহেল জানিয়েছেন, ‘ক্রিকেটের সব ভেন্যু, বিমানবন্দর, কর্মকর্তারা যে নয়টি হোটেলে আছেন এবং দলগুলোর যাতায়াতের আগে ও পরে; সবকিছু নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠন (ফিকা) এক বিবৃতিতে নিরাপত্তা নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানিয়েছে। নিরাপত্তা-বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ইস্টার্ন স্টার ইন্টারন্যাশনাল (ইএসআই) বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার যৌথ আয়োজনের এই বিশ্বকাপে ১৪ দলের নিরাপত্তা দেখভাল করাটাকে একটা বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছে।নিরাপত্তা নিয়ে ভয় আছে ভারতেও। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার কথা মাথায় রেখেছে আইসিসি। তবে গত অক্টোবরে সফল কমনওয়েলথ গেমস করার পর ভারতের শঙ্কাটা অনেক কেটে গেছে। দিল্লির নিরাপত্তা বিশেষজ্ঞ মেধা চাতুর্বেদি বলছেন, ‘সেখানে নিরাপত্তার বিষয়টা সব সময়ই মাথায় আছে আমাদের, কিন্তু কথা হচ্ছে কীভাবে এই বিষয়টা আপনি সামলাবেন?’বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে। অথচ নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতে হচ্ছে যুক্তরাষ্ট্রকেও! এই তিন দেশে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্যই তাদের এই দুশ্চিন্তা। যুক্তরাষ্ট্র সরকার এই তিনটি দেশে বসবাসরত তাদের সব নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। এএফপি।