নিরুত্তাপ মঞ্চে গোলের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনবাংলা ফুটবল দলের ম্যানেজার তানভীর মাজহার তান্না টুর্নামেন্টটি উদ্বোধন করলেন। দুই দলের খেলোয়াড়ের সঙ্গে করমর্দন শেষে যখন বেলুন ওড়াবেন, অমনি বিপত্তি। বেলুন আর ওড়ে না। দুবারের চেষ্টা বিফল। শেষে বেলুনগুচ্ছের নিচ থেকে ছোট্ট ব্যানারটা খুলে ফেলার পর বেলুন ছুটল আকাশ পানে। ছয় বছর পর স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট আকাশ ছুঁতে পারবে কি না কে জানে, তবে প্রথম দিনের বেলুন বিপত্তি খাপছাড়া লাগল।এই মঞ্চকে জমাট একটা আবহে রূপ দিতে বড় ভূমিকা রাখবে মাঠের লড়াই। ভালো খবর, প্রথম দিনের দুটি ম্যাচই উপভোগ্য ছিল। উদ্বোধনী ম্যাচে ফরাশগঞ্জের বিপক্ষে শেখ জামাল ধানমন্ডির ৪-২ জয়টা সহজ হলেও ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতার অভাবে ভোগেনি। পরের ম্যাচে তো চট্টগ্রাম মোহামেডানের সঙ্গে ঢাকা আবাহনী ড্র করতে করতেই শেষ মিনিটে গোল করে জিতে গেল (২-১)। শুরুতেই বড় দলের কষ্টার্জিত জয় মানে টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতার আভাস।বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামকে এমনভাবে সাজানো হয়েছে, চোখ ধাঁধিয়ে যায়। গ্যালারিতে লাল-সাদা চেয়ার। হসপিটালিটি বক্স। আইসিসি বক্স। সবগুলোই কাচঘেরা। এগুলো শূন্যই পড়ে রইল। আবহটা ছিল একেবারেই নিরুত্তাপ। মঞ্চ সুসজ্জিত। কিন্তু দেখার লোক নেই। টেনে-টুনে শ-পাঁচেক হবে।ঘানার স্ট্রাইকার আমিনুর গোলে ৩১ মিনিটে এগিয়ে যায় আবাহনী। ৭৭ মিনিটে আবাহনীর রক্ষণ দুর্বলতা কাজে লাগিয়ে শাহেদুল ১-১ করলে চিন্তায় পড়ে যায় বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। শেষে ত্রাতা হয়ে আসেন আরেক ঘানাইয়ান থুরাম ফ্রাঙ্ক। তবে কৃতিত্ব দাবি করতে পারেন রবিন। দুই ডিফেন্ডারকে কাটিয়ে এই স্ট্রাইকারের সাজিয়ে দেওয়া বল জালে পাঠিয়েই আবাহনীকে স্বস্তি দেন ফ্রাঙ্ক।তবে এদিন স্টেডিয়ামে ঢুকে দেখা গেল নতুন প্রেসবক্সের টেবিল-চেয়ার উধাও। চেয়ার নিয়ে আসা হয়েছে আগের প্রেসবক্সে। আর টেবিলগুলো নাকি ক্রিকেট বোর্ড নিয়ে গেছে। নতুন প্রেসবক্স এখন খাঁ খাঁ করছে।কাচঘেরা আগের প্রেসবক্স থেকে সামনের মাঠটাকে দারুণ দেখায়। মাস দশেক এখানে ঘরোয়া ফুটবল না থাকায় মাঠটা আগের চেয়েও মসৃণ। এখন আর মাঠের অজুহাত দেওয়ার সুযোগ নেই খেলোয়াড়দের। তবে দিনের দুটি ম্যাচই গতিময় ছিল। চোখ ধাঁধানো নৈপুণ্য না দেখা যাক, চোখ অন্তত কচলাতে হয়নি।প্রথম ম্যাচটা শেষে শেখ জামাল ধানমন্ডির সভাপতি মনজুর কাদের অধিনায়ক আমিনুলকে বললেন, ‘ছেলেদের নিয়ে ডিনারে যাও।’ মানে খেলায় তিনি খুশি। প্রথমে গোল খেয়ে চার-চারটি গোল করা শেখ জামালের জন্য তো বলার মতো কৃতিত্বই। নতুন এই পরাশক্তির সবচেয়ে বড় সমস্যা গোল না পাওয়া। বাংলাদেশ লিগের প্রথম পর্বে এই সমস্যায় ভালোই ভুগেছে দলটি। স্বাধীনতা কাপ কি অন্য শেখ জামালকে দেখবে?পরের ম্যাচগুলোই দেবে উত্তর। তবে বাংলাদেশ লিগের প্রথম পর্বের পাঁচ বিদেশিকে বিদায় দিয়ে নতুন চারজন আফ্রিকান নিয়ে খেলতে নেমেছিল শেখ জামাল। এমিলি-এনামুলকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছিল। কোচ পাকির আলী বাজিয়ে দেখলেন তাঁর নতুন অস্ত্রগুলোর ধার কেমন। অনুশীলনে চোখ কাড়তে না পারলেও তিন নাইজেরিয়ান ও এক ক্যামেরুনিয়ান মাঠে ভালোই খেলেছেন। ক্যামরুনের ইমানুয়েল ১-১ করলেন, পরে তাঁর গোলেই ৩-১। মোটামুটি এঁদের খেলায় অধিনায়ক আমিনুল খুশি।নারায়ণগঞ্জের তরুণ সোহেল রানা ফরাশগঞ্জকে এগিয়ে নেন ম্যাচের শুরুতেই। তবে প্রথমার্ধেই ম্যাচটা ৩-১। দ্বিতীয়ার্ধেই শুরুতে ৩-২, পরপরই ৪-২। পেনাল্টি থেকে সুজন ২-১ করেছিলেন, পরে শাকিল করলেন শেষ গোল।নিরুত্তাপ মঞ্চে দুই ম্যাচে ৯ গোল—স্বাধীনতা কাপের মাঠের লড়াই ভালোই শুরু হলো।আজকের খেলা: শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী (বিকেল ৪-৩০ মিনিট), মুক্তিযোদ্ধা-ফেনী সকার (সন্ধ্যা ৬-৩০ মিনিট)।