নির্দয় বোথাম, বাস্তববাদী লেম্যান

‘আগামী সপ্তাহের এই সময়ে অ্যাশেজ জিতে যেতে পারি। পারি শব্দটা ব্যবহার করলাম এ কারণে যে আমি তিন দিনেই জয়ের কথা ভাবছি। ওল্ড ট্রাফোর্ডেও যে ইংল্যান্ড জিতবে এ নিয়ে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই।’
কাল ডেইলি মিরর-এ নিজের কলামে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ান বোথাম তাঁর কলামের শুরুতেই লিখেছেন এই কথাগুলো। ইংল্যান্ডের দুর্দান্ত ফর্ম ও অস্ট্রেলিয়ার দুর্দশা—দুই মিলিয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডারের মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে নাজেহালের চূড়ান্ত করার এটাই সময়। বোথাম বলছেন চিরশত্রুদের জন্য বিন্দুমাত্র সহানুভূতিও দেখানো যাবে না, ‘কাগজের থলে থেকে বের হতেই সংগ্রাম করা কোনো অস্ট্রেলিয়ান দলের জন্য সহানুভূতি দেখানোর চিন্তা করা যায় না, আর এটা তো অ্যাশেজ। অস্ট্রেলীয়দের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তাই বলে আপনি কি ধরবেন ইংল্যান্ড যখন ৫-০-তে হেরেছে, আমি একরত্তি সহানুভূতি পেয়েছি? ১৫ বছর ধরে তারা নিজেদের সাফল্য উদ্যাপন করেছে।’
অস্ট্রেলীয়রা এখন নিজেদের দলের ওপরই বিরক্ত। দিনকে দিন রাগ ও হতাশার প্রকাশ প্রকট হচ্ছে। ইংল্যান্ডকে এটারই সুযোগ নিয়ে নিজেদের মান আরও ওপরে তোলার পরামর্শ দিয়েছেন বোথাম। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়াকে সহজভাবে নেওয়া যাবে না, ‘২০০৯ সালে হেডিংলিতে জিতলে এক ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ পুনরুদ্ধার করা যাবে এটা তারা (ইংল্যান্ড) জানত। কিন্তু ইংল্যান্ড হেরেই গেল। অস্ট্রেলিয়াতেও (২০১০-১১) তারা জানত পার্থে জিতলেই অ্যাশেজ তাদেরই থাকবে। কিন্তু সেবারও অস্ট্রেলিয়া তাদের উড়িয়ে দিল। এবার ম্যানচেস্টারে জিতলেই খুদে ভস্মাধারটা নিশ্চিত হবে। তবে এবার ইতিহাসের পুনরাবৃত্তি হবে না।’
দুটি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেনও কেন হবে না, ‘প্রথমত ওই দুই ম্যাচে এই দলের বেশির ভাগই ছিল। এবার সত্যিই মনে হচ্ছে অস্ট্রেলিয়ার পাতা ফাঁদে এরা পা দেবে না। দ্বিতীয়ত, সিরিজ ঘুরিয়ে ফেলার সামর্থ্য অস্ট্রেলিয়ার এই দলটার সত্যিই নেই। স্ট্রাইক বোলার জেমস প্যাটিনসন সিরিজের বাইরে চলে যাওয়ায় তাদের সম্ভাবনাটা আরও কমে গেছে।’ টেস্টে পাঁচ হাজারের বেশি রান আর ৩৮৩ উইকেটের মালিকের বিশ্বাস, অস্ট্রেলিয়া এবার ধবলধোলাই হচ্ছেই।
অন্যদিকে অস্ট্রেলিয়ার নতুন কোচ ড্যারেন লেম্যান ঘরে-বাইরে সমালোচনার মুখে বলেছেন, তাঁর দলের ঘুরে দাঁড়ানোটা সময়ের ব্যাপার মাত্র। এই দলটায় ভালো ক্রিকেটার, এমনকি ভালো মানের উঠতি ক্রিকেটারও নেই—এই যুক্তি মানতে পারছেন না সাবেক ক্রিকেটার, ‘সংখ্যাটা প্রচুর (ভালো ক্রিকেটার)। আমি এটা নিয়ে মোটেই আতঙ্কিত নই। আমি জানি, প্রথম দুটি টেস্ট হারার পর এটা বলা সহজ। দেশে সবাই বলাবলি করছে আমাদের খেলোয়াড় নেই। কিন্তু আমরা ঠিক আছি। স্কিলটা ঠিক হয়ে এলেই আমরা অন্য দলগুলোকে উড়িয়ে দেব। এটা সহজই। একটু সময় লাগবে এই আর কী।’
কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়া কি সেই সময়টা দেবে লেম্যানকে? দলের ওপর পুরো কর্তৃত্বই আছে লেম্যানের, আছে খেলোয়াড়দের সঙ্গে হূদ্যতাপূর্ণ সম্পর্কও। তবে অস্ট্রেলীয় কোচ জানেন সাফল্য দিতে না পারলে হয়তো শিগগিরই ধরতে হবে পূর্বসূরি মিকি আর্থারের পথ, ‘কোচ হিসেবে এটা মেনে নিতে হবেই। আপনাকে ফল পেতে হবে, নয়তো জানেন কী হবে। আমি যেটা জানি সেটা হচ্ছে আমাকে অবদান রাখতে হবে, যাতে আমরা সেরা দল হতে পারি।’
সেটা করার সময় কি পাবেন লেম্যান, ওল্ড ট্রাফোর্ডে ঘুরে দাঁড়াতে পারবে তাঁর দল? নইলে যে কোচ-জীবনের মধুচন্দ্রিমার মধুর কোনো স্মৃতিই থাকবে না!
আগামী বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। ওয়েবসাইট।