‘আমি নির্বাচক হলে অবশ্যই শাহরিয়ার নাফীসকে দলে রাখতাম। কারণ, সে খুবই কার্যকর খেলোয়াড়। অতীতে সে বড় ম্যাচগুলোতে রান পেয়েছে। তা ছাড়া ব্যাটিংয়ের উদ্বোধনী ও তিন নম্বর স্থানে নাফীস হতে পারে একজন ভালো ব্যাকআপ। বর্তমান অবস্থায় বিশ্বকাপ দলে অলোক কাপালির স্থান পাওয়া বেশ কঠিন। তাঁকে দলে নিতে চাইলে নির্বাচকদের উচিত ছিল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে যেকোনো একটি সিরিজে তাঁকে দলে রাখা। এ অবস্থায় তাঁরা কোনো গ্যাম্বলিংয়ে গেলেই কেবল কাপালি দলে আসতে পারে’—বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে এভাবেই নিজের মতামত জানালেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।বাংলাদেশের ক্রিকেটে যুগ-সন্ধিক্ষণের কাণ্ডারি হাবিবুল বাশার আরও বলেন, ‘অনেক দর্শক-সমর্থকই আশরাফুলের দলে অন্তর্ভুক্তি নিয়ে নানা রকম সমালোচনা করলেও তাঁদের একটু নিরাবেগী হতে হবে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখতে হবে দলে একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আশরাফুলের প্রয়োজনীয়তা। অতীতে অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে আমরা অনেক আফসোস করেছি, আর করতে চাই না। বাংলাদেশের বর্তমান দলটি খুব ভালো হলেও এতে বিশ্বকাপ খেলা খেলোয়াড় মাত্র তিনজন। আশরাফুল দুটি বিশ্বকাপ খেলেছে। বিশ্বকাপের মতো বড় আসরে আশরাফুলের অভিজ্ঞতা খুবই প্রয়োজন।’হাবিবুল বাশার ২০০৪ সালে এমন একটি সময়ে বাংলাদেশ দলের অধিনায়কত্ব নিয়েছিলেন যখন দল ছিল একেবারেই সাফল্য বুভুক্ষু। তাঁর আগের পাঁচ বছর দল কোনো ওয়ানডেতে জয় পায়নি। তাঁর নেতৃত্বেই ৪৭ ম্যাচ পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় তুলে নিয়ে দেশের ক্রিকেটপ্রেমী মানুষের মুখে হাসি ফুটিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ২০০৫ সালে তাঁর নেতৃত্বেই প্রথম টেস্ট জয়ের গৌরব পায় বাংলাদেশ। আজকে দলের এই জয়ের অভ্যাসটা তৈরি হয়েছিল তাঁর অধিনায়কত্বের সময়কালেই। তাঁর নেতৃত্বেই গত বিশ্বকাপে ভারতকে হারিয়ে সুপার সিক্সে পৌঁছে গিয়েছিল দল। এতসব সাফল্য আজও উদ্বেলিত করে হাবিবুলকে। প্রথম আলো অনলাইনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে হাবিবুল বাশার বলেন, ‘ওই সময়ে দলের অধিনায়ক ছিলাম, এটা সৌভাগ্যই—এর চেয়ে ভালো ফিলিংস আর হয় না।’ এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হলেন না তিনি।২০০৭ সালের বিশ্বকাপে দলের অধিনায়ক ছিলেন। পরের চার বছর বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে গিয়েছে বলেই জানালেন। তিনি বলেন, ‘২০০৭ সালের বিশ্বকাপে আমরা যখন ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিলাম, তখন অনেক ক্রিকেট বোদ্ধাই ২০১১ সালের বিশ্বকাপে বাংলাদেশ ডার্ক হর্স হতে পারে বলে মত দিয়েছিলেন। বাংলাদেশের বর্তমান দল আমার সময়ের দলের চেয়ে অনেক বেশি ধারাবাহিক। তাঁদের টিম স্পিরিটটা চোখে পড়ার মতো। সবচেয়ে বড় কথা, এই দলটি কোনো বিশেষ খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নয়।’গত চার বছরে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় পাওয়া সাকিব ও তামিমের মতো দুজন বিশ্বমানের খেলোয়াড়। হাবিবুল বাশার এই দুই খেলোয়াড়কেই ‘ম্যাচ উইনার’ হিসেবে অভিহিত করে বলেন, এই দুজন বাংলাদেশ দলের স্পিরিটকে অনেক ওপরে তুলে দিয়েছে।বাংলাদেশের বর্তমান দল সম্পর্কে তাঁর অভিমত, ‘আগে টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয় হলে সেটা সামাল দিতে পারতাম না। এখন টপ অর্ডার খারাপ খেললেও লোয়ার-মিডল অর্ডার এসে পরিস্থিতি সামাল দিচ্ছে। লোয়ার-মিডল অর্ডারে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ চমত্কার পারফর্ম করে দলের সাফল্যে অবদান রাখছে। আমাদের বোলিংও সমীহ করার মতো শক্তি অর্জন করেছে। স্পিন আক্রমণের ধার বেড়েছে। সব মিলিয়ে দলটা এখন অনেক বেশি পরিণত। তার প্রমাণ তারা গত এক-দেড় বছরে দিয়েছে।’হাবিবুল বাশার প্রথমেই বলেছেন, তিনি নির্বাচক হলে বিশ্বকাপ দলে শাহরিয়ার নাফীসকে অবশ্যই রাখতেন। এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা খুবই স্পষ্ট। তিনি বলেন, ‘নাফীস ওপেনিং ও তিন নম্বর পজিশনে একজন স্পেশালিস্ট ব্যাটসম্যান। তামিম ইকবাল, ইমরুল কায়েস ও জুনায়েদের পাশাপাশি এই দুই স্থানে দলে নাফীসকে সুযোগ দিতেই হবে। এতে দলের ব্যাটিং-শক্তি অনেকটাই বেড়ে যাবে। ব্যাকআপও খুব শক্তিশালী হবে।’সবশেষে, বাংলাদেশ দলকে শুভ কামনা জানিয়ে হাবিবুল বাশার বলেন, এ দেশের ক্রিকেটে নতুন দিনের সূচনা হয়ে গেছে। এখন আসন্ন বিশ্বকাপকে বানাতে হবে নিজেদের প্রমাণ করার মঞ্চ। হাবিবুল বাশার মনে-প্রাণেই বিশ্বাস করেন, বাংলাদেশ এই বিশ্বকাপে নিজেদেরকেও অনেক দূর ছাড়িয়ে যাবে।