নির্বাচকদের অপেক্ষায় রেখেছেন ফিজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচক আকরাম খান আশাবাদী। আশাবাদী মাশরাফি বিন মুর্তজাও। তবু এখনো নিশ্চিত করে বলার উপায় নেই জিম্বাবুয়েতেই টেস্টে ফিরবেন এই পেসার। সেজন্য অপেক্ষা করতে হবে আরও দু-এক দিন। নিশ্চিত হতে হবে, দ্রুত সুস্থ করে তুলতে বিশেষ এক স্টেরয়েড ইনজেকশন তাঁকে দেওয়া হবে কি না।মাশরাফির গোড়ালির ব্যথা এখন যে পর্যায়ে তাতে স্বাভাবিক চিকিৎসা নিয়ে তাঁর পক্ষে জিম্বাবুয়ে সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফেরার সম্ভাবনা কমই দেখছেন বিসিবির ফিজিও-চিকিৎসকেরা। টেস্ট কেন, তাঁদের ধারণা ওয়ানডে সিরিজে খেলাও মাশরাফির জন্য কঠিন হবে। তবে প্রদাহনাশক ওই ইনজেকশনটি দেওয়া গেলে হয়তো মাশরাফি দ্রুত বোলিং করার মতো অবস্থায় চলে আসবেন। এটিও তাঁকে টেস্ট খেলানোর মতো অবস্থায় নেবে কি না, সে ব্যাপারে সংশয় আছে। অবশ্য পেস বোলিংয়ে যে সংকট চলছে, তাতে ১০-১২ ওভার বোলিং করার মতো ফিট থাকলেও মাশরাফিকে টেস্ট দলে নিতে চান নির্বাচকেরা।মাশরাফি নিজেও মনে করেন টেস্টে ১০-১২ ওভার বল করার মতো ফিটনেস তাঁর আছে। তবে সমস্যা ওই গোড়ালির ব্যথাটাই, ‘আমিও চাই টেস্ট ক্রিকেটে ফিরতে। দলের সঙ্গে থাকলে আমার জন্য ভালো হবে, কিন্তু গোড়ালির ব্যথা পুরোপুরি না গেলে কিছুই বলা যাচ্ছে না।’ মাশরাফি অবশ্য স্টেরয়েড ইনজেকশন নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছেন, ‘ইনজেকশন হয় তো শেষ পর্যন্ত নেব না। ফিজিও কিছু নতুন ট্রেনিং দিয়েছেন, আগে সেগুলো করে দেখি।’সূত্র জানিয়েছে, এই ইনজেকশন দ্রুত ব্যথা কমাতে সাহায্য করলেও এ ধরনের চোটের প্রথাগত চিকিৎসা এটা নয়। তা ছাড়া ইনজেকশন দিলেই যে মাশরাফি প্রত্যাশামতো ব্যথামুক্ত হবেন, শতভাগ নিশ্চয়তা নেই সেটারও। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাই ফিজিও চিকিৎসকেরা আরেকটু ভাবতে চান। সিদ্ধান্ত না হওয়াতেই প্রধান নির্বাচককে আরেকটু অপেক্ষায় রেখেছেন ফিজিও বিভব সিং। ‘ফিজিও বিভব সিংয়ের সঙ্গে আলাপ করেছি। ওর আরেকটু সময় লাগবে। দু-তিন দিনের মধ্যেই হয়তো বোঝা যাবে মাশরাফি কখন পুরোপুরি ফিট হবে। সেটার ওপরই নির্ভর করছে সে কী ধরনের ম্যাচ খেলবে’—কাল বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন আকরাম।