নির্বাচকদের ওপর চটেছেন মাইক হাসি
এবারই হয়তো ক্রিকেটের সবচেয়ে বড় আসর, বিশ্বকাপে খেলার শেষ সুযোগ ছিল ৩৫ বছর বয়সী মাইক হাসির। কিন্তু শেষ মুহূর্তের ইনজুরি তাঁকে ঠেলে দিয়েছে অস্ট্রেলিয়ার চূড়ান্ত দলের বাইরে। এই আকস্মিক আঘাতটা কিছুতেই মেনে নিতে পারছেন না অস্ট্রেলীয় মিডল অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। অসি নির্বাচকদের সমালোচনাও করেছেন বেশ কড়া ভাষায়।গত বিশ্বকাপের আগে ঠিক হাসির মতো অবস্থায় পড়েছিলেন অ্যান্ড্রু সাইমন্ডস। কিন্তু পুরোপুরি সুস্থ না হলেও তাঁকে শেষ পর্যন্ত রাখা হয়েছিল বিশ্বকাপের চূড়ান্ত দলে এবং সাইমন্ডসও নির্বাচকদের এই আস্থার প্রতিদান দিয়েছিলেন বেশ ভালোভাবেই। প্রথম দিকে মাঠে নামতে না পারলেও চূড়ান্ত পর্যায়ে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় একটা অবদান রেখেছিলেন তিনি। সাইমন্ডসের এই উদাহরণ টেনে মাইক হাসি নির্বাচকদের কাছে প্রশ্ন রেখেছেন যে গতবার ওই ঝুঁকিটা নিতে পারলে এবার তাঁর সঙ্গে কেন অন্য আচরণ করা হলো। তিনি বলেছেন, ‘আমি খুবই আশা করেছিলাম যে আমাকেও সাইমন্ডসের মতো একটা সুযোগ দেওয়া হবে। আমি দ্বিতীয় ম্যাচেই খেলার চেষ্টা করতে পারতাম, আর তা না হলে তৃতীয় ম্যাচের জন্য আমি নিশ্চিতভাবেই পুরোপুরি সুস্থ হয়ে যেতাম। কিন্তু নির্বাচকেরা হয়তো ভিন্নভাবে চিন্তা করেছেন। এটা তো অবশ্যই খুব হতাশাজনক।’ মেইল অনলাইন