এশিয়া কাপের বাকি তিনটি দেশ দল ঘোষণা করেছে আগেই। বাকি ছিল শুধু স্বাগতিক বাংলাদেশ। কাল সকালে নির্বাচকেরা তাঁদের নির্বাচিত দল বোর্ডে জমা দেওয়ার পর সেটি কবে-কখন ঘোষণা করা হবে, এটা নিয়ে অনিশ্চয়তায় কেটেছে সারা দিন। শেষ পর্যন্ত বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিটা এল রাত ১০টার দিকে। সেই দলে বড় এক চমক—তামিম ইকবাল নেই!কেন নেই—এ প্রশ্নের উত্তর জানতে চেয়ে আকরাম খানকে মুঠোফোনে ধরা হলে খুব ক্ষুব্ধ শোনাল প্রধান নির্বাচকের কণ্ঠ। রীতিমতো বোমাই ফাটালেন তিনি, ‘এটা আমাদের দল নয়। আমরা যে দল নির্বাচন করেছিলাম, সেটি বদলে দেওয়া হয়েছে।’তামিমকে কি তাহলে নির্বাচকেরা বাদ দেননি? আকরাম পরিষ্কার জানিয়ে দিলেন, ‘তামিমের ব্যাপারে শুধু ফিটনেসটাই বিবেচনার ছিল। বাংলাদেশ দলের ফিজিও ওকে ফিট বলে রায় দেওয়ার পর ওকে আমরা একমত হয়ে দলে রেখেছি। আমাদের দলে দুই নম্বরেই তামিমের নাম ছিল। দল ঘোষণার পর দেখছি, ওকে স্ট্যান্ডবাই করে রাখা হয়েছে।’দল নির্বাচনে এই হস্তক্ষেপে আকরাম এমনই ক্ষুব্ধ যে, নিজে থেকেই বিস্তারিত বলতে শুরু করলেন, ‘টেকনিক্যাল কমিটির সঙ্গে বসার পর আমরা ১৫ জনের দল দিয়েছিলাম। এখন দেখছি, দল ১৪ জনের হয়ে গেছে।’ এরপর যোগ করলেন, ‘আমার আরও অনেক কিছু বলার আছে। পরে সব বলব।’তামিম ইকবালের বাদ পড়া এবং প্রধান নির্বাচকের এ দায়িত্ব নিতে অস্বীকার করাটাই বাকি সব ছাপিয়ে বড় হয়ে উঠেছে। নইলে দল নিয়ে প্রশ্ন আছে আরও। দলে অনেক পরিবর্তন। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে তামিম ছাড়াও বাদ পড়েছেন আরও পাঁচজন—অলক কাপালি, শাহরিয়ার নাফীস, ফরহাদ রেজা, নাঈম ইসলাম ও রুবেল হোসেন। রুবেল অবশ্য চোটের জন্য আগেই বাইরে চলে গেছেন। দলে একেবারে নতুন মুখ আনামুল হক। ফিরেছেন মাশরাফি, নাজিমউদ্দিন, জহুরুল ও শাহাদাত। অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিগগিরই তা ঘোষণা করা হবে। একটি সূত্রে জানা গেছে, এই কালক্ষেপণের কারণ বিপিএল চলাকালে আয়োজনে অব্যবস্থাপনার সমালোচনা করায় মুশফিকুর রহিমকে অধিনায়ক পদ থেকে সরিয়ে দিতে চাইছেন বোর্ড সভাপতি। সূত্র আরও জানিয়েছে, নির্বাচকদের দল বদলে দেওয়ার কাজটাও করেছেন স্বয়ং বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বিসিবির দায়িত্ব নেওয়ার পর থেকেই কামাল নির্বাচকদের কাজে হস্তক্ষেপ করাটাকে ‘নিয়ম’ বানিয়ে ফেলেছেন। নির্বাচকেরা কাল সকালে দল জমা দেওয়ার পর সারা দিন কেটেছে বোর্ড সভাপতির অনুমোদনের অপেক্ষায়। নিরাপত্তাব্যবস্থা দেখতে পাকিস্তানে গিয়েছিলেন, সেখান থেকে ইংল্যান্ডে চলে গেছেন কামাল। সূত্র নিশ্চিত করেছে, পাকিস্তানে থাকার সময়ই তামিমকে বাদ দিতে বলেছিলেন। নির্বাচকেরা রাজি না হওয়ায় ইংল্যান্ড থেকে নিজেই দল বদলে দেন তিনি।বাংলাদেশ দলইমরুল কায়েস, নাজিমউদ্দিন, জহুরুল ইসলাম, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, নাজমুল হোসেন, শফিউল ইসলাম, শাহাদাত হোসেন ও আনামুল হক।স্ট্যান্ডবাই: তামিম ইকবাল, শুভাগত হোম, ফরহাদ রেজা, এনামুল হক, মমিনুল হক ও আবুল হাসান।