নির্বাচকদের দলে মাশরাফি নেই
বিশ্বকাপের আগে তাঁর পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা খুব কম। মাশরাফি বিন মুর্তজাকে ছাড়াই তাই বিশ্বকাপের ১৫ জনের দল করল নির্বাচক কমিটি। মাশরাফি ছাড়াও এই দলে ২৩ জনের দল থেকে নেই অলক কাপালি, জহুরুল ইসলাম, সৈয়দ রাসেল, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম, ডলার মাহমুদ ও সাব্বির রহমান।তবে কাল রফিকুল আলমের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ১৫ জনের যে দলটি বিসিবির টেকনিক্যাল কমিটির সামনে তুলে ধরেছে, সেটাকেই বিশ্বকাপের চূড়ান্ত দল বলা যাচ্ছে না। আইসিসিকে ১৫ সদস্যের চূড়ান্ত দল জানাতে হবে আগামীকালের মধ্যে। নির্বাচক কমিটি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণাও করবে আগামীকাল সকালে। মাঝে আজকের দিনটাতে তাঁদের দেওয়া ১৫ সদস্যের দলে এদিক-সেদিক হওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।নির্বাচকদের দল কেন টেকনিক্যাল কমিটিকে দিয়ে পাস করাতে হবে—এটা একটা প্রশ্ন বটে। টেকনিক্যাল কমিটির এক সদস্যের আচরণে আরও জোরালো হয়ে উঠেছে এই প্রশ্ন। একটি সূত্রে জানা গেছে, বিসিবির ওই পরিচালক রূঢ় ভাষায়ই নির্বাচকদের বোঝাতে চেয়েছেন, স্লো-লো উইকেট বানিয়ে জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে সাফল্য নিয়ে বড়াই করার কিছু নেই। জবাবে নির্বাচকেরাও তাঁকে মনে করিয়ে দিয়েছেন, শুধু জিম্বাবুয়ে নয়, সাম্প্রতিক অতীতে বাংলাদেশ দলের সাফল্যের পাল্লাটা যথেষ্টই ভারী। ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ডের মতো দলকে হারানোর গর্ব আছে সেখানে।সভার অনেকটা অংশ জুড়েই ছিল বিশ্বকাপের সম্ভাব্য প্রথম একাদশ-সংক্রান্ত আলোচনা। সিনিয়র ক্রিকেটার হয়েও যদি প্রথম বিবেচনায় কেউ একাদশে না আসেন, তাঁকে ১৫ জনের দলে রাখা যাবে কি না, আলোচনা হয়েছে তা নিয়েও।তবে মূল আলোচনাটা মাশরাফিকে নিয়েই ছিল। ফিজিওর দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্তও মাশরাফির পক্ষে পুরো রানআপে বল করা সম্ভব হবে না। কাজেই তাঁকে ১৫ সদস্যের দলে অন্তর্ভুক্ত করাটা ঝুঁকিপূর্ণ মনে করেছে নির্বাচক কমিটি। তাই বলে মাশরাফিকে বিশ্বকাপের ক্যাম্প থেকে বিদায়ও করে দেওয়া হচ্ছে না এখনই। আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাবেন, এর মধ্যে আশা-জাগানিয়া কিছু হলে হয়তো বিশ্বকাপের দলে ঢুকেও যেতে পারেন। কালকের সভা শেষে টেকনিক্যাল কমিটির প্রধান এনায়েত হোসেন সে রকম আভাসই দিয়েছেন, ‘৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ দলের সবকিছু বিসিবির খরচে চলবে, ৯ তারিখ থেকে শুরু হয়ে যাবে আইসিসির ইভেন্ট। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দলে কোনো পরিবর্তন চাইলে আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে সেটার অনুমতি চাওয়া যাবে। তবে ৯ তারিখের পর হলে সেটা আর বিসিবি চাইবে না, তখন দলের ম্যানেজার চাইবে।’ অর্থাৎ আগামীকাল ঘোষিত চূড়ান্ত দলে না থাকলেও মাশরাফির বিশ্বকাপ সম্ভাবনা কিছুটা হলেও থাকবে। সে ক্ষেত্রে ১৫ জনের দলের বাইরে চলে যেতে হবে অন্য কাউকে। প্রধান নির্বাচক রফিকুল আলম এ বিষয়ে সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, ‘মাশরাফির বিকল্প নেই। তার জন্য যতটুকু সম্ভব আমরা অপেক্ষা করব।’তবে এসব কিছুর আগে বিশ্বকাপের দল ঘোষণার জন্য আরেকটি দিন নিচ্ছে বিসিবি। ‘আমরা মাশরাফির বিষয়টা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেছি। চাইলে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিষয়টা ধরে রাখা যায়। আমরা সে সুযোগটা নেব কি নেব না, সেটাও একটা ব্যাপার। সেসব নিয়ে আলোচনার জন্যই একটা দিন সময় নিচ্ছি’—বলেছেন টেকনিক্যাল কমিটির প্রধান।সভায় আলোচনা হয়েছে বিশ্বকাপের প্রস্তুতি নিয়েও। বিশ্বকাপে যেহেতু চট্টগ্রামেও দুটি ম্যাচ আছে বাংলাদেশের, আগামী ১-৩ ফেব্রুয়ারি সেখানে দু-তিনটি প্রস্তুতি ম্যাচ খেলার চিন্তাভাবনা আছে। অনুশীলনের চট্টগ্রাম পর্বটা কৃত্রিম আলোয় হবে বলে শুধু বাংলাদেশ দলেরই নয়, একটা অনুশীলন হয়ে যাবে চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে নতুন লাগানো ফ্লাডলাইটেরও।নির্বাচকদের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আবদুর রাজ্জাক, নাঈম ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেন।