নির্বাচকদের ধুয়ে দিলেন নেহরা
খুব বেশি দিন হয়নি, জহির খানের পর তিনিই ছিলেন ওয়ানডেতে ভারতের প্রথম পছন্দের পেসার। স্লগ ওভারে তো তিনিই ছিলেন সবচেয়ে বড় নির্ভরতা। চোটের কারণে দলের বাইরে চলে গিয়েছিলেন, ভেবেছিলেন ফিট হলেই আবার ফিরবেন দলে। কিন্তু আশিস নেহরার এই সহজ হিসাবটা এখন মিলছে না। ইংল্যান্ডে যেমন, তেমনি দেশের মাটিতেও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি তাঁর। বিস্মিত, ক্ষুব্ধ নেহরা তাই একহাত নিয়েছেন নির্বাচকদের। বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ওই ম্যাচেই মিসবাহ-উল-হকের ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলের পাঁচ জায়গায় চিড় ধরেছিল। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার করিয়ে এসেছেন। জাতীয় ক্রিকেট একাডেমিতে অনেক ঘাম ঝরিয়ে ফিটও হয়েছেন। কিন্তু দলে ফিরতে না পেরে হতাশ এই বাঁহাতি পেসার, ‘ইংল্যান্ডে ওয়ানডে সিরিজের আগেই আমি ফিটনেস সার্টিফিকেট জমা দিয়েছিলাম। কিন্তু আমাকে নেওয়া হলো না, এমনকি ছুটি থেকে আরপি সিংকে (ইংল্যান্ডে) ডেকে নেওয়ার সময়ও আমাকে উপেক্ষা করা হলো। নেওয়া হলো না এবারও। ২০০৯ সালে ফেরার পর থেকে দলের হয়ে সর্বোচ্চ উইকেট আমার, কিন্তু বুঝতে পারছি না হঠাৎ কী ভুল করে ফেললাম। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে চোট-সমস্যাও খুব একটা ছিল না।’শেষের ওভারগুলোয় তিনিই যে ছিলেন মহেন্দ্র সিং ধোনির প্রধান ভরসা, এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘রেকর্ড পরীক্ষা করে দেখুন, গত দুই বছরে স্লগ ওভারে কে সবচেয়ে বেশি বোলিং করেছে। কেরালা থেকে শ্রীনগর পর্যন্ত সবাইকে নেওয়া হলো, শুধু নেহরাই নেই। কয়েক মাসের মধ্যে এত খারাপ বোলার কীভাবে হয়ে গেলাম!’ বয়স তাঁর বিপক্ষে যেতে পারে শুনে যেন একটু খেপেই গেলেন, ‘ঈশ্বরের দোহাই, আমার বয়স ৩২, ৪২ নয়। শেবাগের বয়সও আমার চেয়ে বেশি। বয়স বিবেচনায় নিলে দ্রাবিড়কে কীভাবে ৩৯ বছর বয়সে ওয়ানডেতে ফেরানো হলো!’নেহরার জন্য সবচেয়ে হতাশার ব্যাপার, চ্যালেঞ্জার ট্রফির তিন দলেও জায়গা হয়নি তাঁর। ১২০ ওয়ানডেতে ১৫৭ উইকেট নেওয়া পেসার তাই বুঝতে পারছেন না নিজের ভবিষ্যৎ, ‘কীভাবে নিজের ফিটনেস প্রমাণ করব? রঞ্জি খেলা ছাড়া তো উপায় নেই। বোর্ড অনুমতি দিলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ বা দক্ষিণ আফ্রিকার প্রো-ফোরটি টুর্নামেন্টে খেলতে পারি। না হলে হয়তো আমার ছোট্ট ছেলের সঙ্গেই খেলতে হবে!’ ওয়েবসাইট।