নির্বাচকদের প্রতি পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই তো বলতে গেলে সেদিন অ্যাশেজ-লজ্জা নিয়ে ফিরল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের কাছে অ্যাশেজে ৩-০  হারের আসল কারণ ছিল ব্যাটিং-ব্যর্থতা। আগামী মাসে শুরু ফিরতি অ্যাশেজে এই ব্যর্থতার বৃত্ত থেকে বেরোনোটাই অস্ট্রেলিয়ার চাওয়া। এ জন্য রিকি পন্টিং এখনকার ব্যাটসম্যানদের ওপরই আস্থা রাখার আহ্বান জানিয়েছেন। নির্বাচকদের জন্য সাবেক অস্ট্রেলীয় অধিনায়কের সতর্কবার্তা, বেশি পরীক্ষা-নিরীক্ষা ভালো কিছু বয়ে আনবে না!

গত অ্যাশেজে ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচে মোট আটজনকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছে অস্ট্রেলিয়া। টপ অর্ডার আস্থার প্রতিদান দিতে পারেনি। এড কাওয়ান, ফিল হিউজ, উসমান খাজারা একেবারেই ব্যর্থ ছিলেন। তবে পন্টিং মনে করেন দলের ভালোর জন্যই ওঁদের আরও সুযোগ প্রাপ্য, ‘আমাদের পরের প্রজন্মের খেলোয়াড়েরা কেমন করে সেটা নিয়ে সবাই কমবেশি উদ্বিগ্ন। বিশেষ করে ব্যাটিং নিয়ে। সবাই যেমনটা মনে করছে, আমি মনে করি না আমাদের ব্যাটিং তেমন খারাপ। আমি মনে করি তাদের (নির্বাচকদের) ঠিক করতে হবে এ মুহূর্তে দেশের সেরা ছয়জন ব্যাটসম্যান কে। আমার মনে হয় এরপর তাদের আরও সুযোগ দিতে হবে। ব্যাট করতে নামার সময় তাদের ওপর চাপটা একটু কমাতে হবে।’

ব্যাটিং অর্ডার নিয়েও বেশ চিন্তিত পন্টিং। অ্যাশেজে ওয়াটসন ওপেনিংসহ আরও তিনটি আলাদা পজিশনে (৩, ৪, ৬) খেলেছেন। হিউজ ব্যাট করেছেন ৪ ও ৬ নম্বরে। সেদিকে ইঙ্গিত করে অস্ট্রেলিয়ার অন্যতম সফল টেস্ট অধিনায়ক বলেছেন, ‘শেষ সিরিজেই দেখুন, ওয়াট্টো (শেন ওয়াটসন) ও ফিল হিউজ মনে হয় প্রায় সব পজিশনেই ব্যাট করেছে। তাদের জন্য তো নয়ই, অন্যদের কারও জন্যই এটা ভালো নয়, কারণ তাদের সরে যাওয়া মানে বাকিদেরও সরে যাওয়া। দলের অনেক খেলোয়াড়ই স্থিতিশীলতা ও আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। শুধু প্রতি ম্যাচে নয়, প্রতি ইনিংসেও। এই ব্যাপারগুলো তাদের কাজটা আরও কঠিন করে দিচ্ছে।’ শেষ টেস্টে ১৭৬ ছাড়া ওয়াটসন বলার মতো কিছু করতে পারেননি, হিউজ প্রথম টেস্টে ৮১ রানের পরের তিন ইনিংসে সাকল্যে করেছেন ১ রান (০, ০, ১)। এরপর তো দল থেকে বাদই পড়ে গেছেন। এএফপি।

চোট অপ্রকাশ্য!

অ্যাশেজের আগে নতুন একটা পরিকল্পনা নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এখন থেকে দল থেকে বাদ পড়ার মতো কারোর বড় কোনো চোট না হলে সেটা গণমাধ্যমকে জানানো হবে না। দলের জেনারেল ম্যানেজার প্যাট হাওয়ার্ড সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘কেউ যদি দল থেকে বাদ পড়ে সেটা আমরা জানাব। কিন্তু সেটা যদি না হয়, সে ক্ষেত্রে সেই খেলোয়াড়কে ২৪ বা ৩৬ ঘণ্টার মধ্যে পাওয়ার একটা সুযোগ থাকে। যদি সে টেস্ট খেলতে পারে, আর পায়ের পেশির ছোটখাটো চোট থাকে তাহলে সেটা কেন বলব আপনাদের?’