নির্বাচকদের বার্তা মার্শাল-রাজ্জাকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্শাল আইয়ুব: ১৪৭*
মার্শাল আইয়ুব: ১৪৭*

স্কোরবোর্ডে শুধুই দলীয় রান-উইকেট। ব্যক্তিগত রান বোঝার উপায় নেই। সোহাগ গাজীকে সুইপে চার মেরে তবু হেলমেট খুলে মাঠের হাজার খানেক দর্শককে ব্যাট উঁচিয়ে অভিবাদন জানালেন মার্শাল আইয়ুব। জানতেন যে সেঞ্চুরি ছুঁয়েছেন। স্কোরবোর্ড তাঁর রানের হিসাব না করুক, নিজে তো করতে পারেন!
চা-বিরতি সময়ই জেনে নিয়েছেন নিজের রান, ৭৪। এর পর থেকেই মনে মনে রান গুনছিলেন মার্শাল। সেঞ্চুরিটা চাইছিলেন খুব করে। গত ঘরোয়া মৌসুমে ব্যাট হাতে ছিলেন বিস্ময়। ১১টি প্রথম শ্রেণীর ম্যাচে করেছিলেন ১০৬৯ রান। টেস্ট দলে থেকে শ্রীলঙ্কাও ঘুরে এসেছেন, খেলা হয়নি, পরের জিম্বাবুয়ে সফরের দলে উপেক্ষিত। এবার কদিন পরই আসছে নিউজিল্যান্ড। জানতেন, গত মৌসুমের জাবর কেটে লাভ বেশি হবে না, নির্বাচকদের দরজায় আবার কড়া নাড়তে হবে। নিউজিল্যান্ড সিরিজের আগে এটাই প্রথম ও সম্ভবত শেষ দীর্ঘ পরিসরের ম্যাচ। অসাধারণ এক সেঞ্চুরিতে গত মৌসুমের কথাই মনে করিয়ে দিলেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
সুযোগের পুরো সদ্ব্যবহার শুধু রানের হিসাবেই নয়, ব্যাটিং অর্ডারেও। এমনিতে মিডল অর্ডারে খেলেন। এখানে এসে জানতে পারলেন ব্যাটিং করতে হবে তিনে। বাংলাদেশ ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল-অধ্যায় আপাতত শেষ হওয়ার পর টেস্ট দলের তিন নম্বর জায়গাটা ফাঁকা। প্রথম সুযোগেই জায়গাটা পাওয়ার দাবি জানিয়ে রাখলেন মার্শাল। গত মৌসুমে তাঁর চার সেঞ্চুরির দুটি ছিল ২০৯ ও ২৮৯। কাল ১৪৭ রানে দিন শেষ করে আরেকটি বড় সেঞ্চুরির পথে। দিন শেষে জানালেন, ‘চেষ্টা থাকবে ডাবল সেঞ্চুরি করার।’ নির্বাচকদের বার্তা পাঠানোর কাজটা অবশ্য সারা। মাঠে থাকা নির্বাচক হাবিবুল বাশার অবশ্য এখনই মন খুলতে চাইলেন না, ‘দারুণ খেলেছে মার্শাল। টপ অর্ডারে জায়গাও ফাঁকা। দল নির্বাচনের সময় এই ইনিংসটার কথা তো আসবেই। তবে এখনই নিশ্চিত কিছু বলতে চাই না। দেখা যাক...।’
তিন নম্বরে ব্যাটিংয়ে সত্যিকার একটা পরীক্ষাও হয়ে গেছে মার্শালের, উইকেটে যেতে হয়েছিল দ্বিতীয় ওভারেই। রুবেলের বলে স্লিপে জহুরুলের দুর্দান্ত ক্যাচের শিকার ওপেনার শামসুর রহমান। পরের বলেই কাভার ড্রাইভে চারে মার্শালের শুরু। সেরা ফর্মে থাকলে যেমন খেলেন, খেলেছেন চোখ ও মনকে প্রশান্তি দেওয়া তেমনই সব ড্রাইভ। ৪৮ রানে সোহাগের বলে সম্ভাব্য ক্যাচকে ছক্কা বানিয়ে মার্শালকে ফিফটিতে পৌঁছে দিয়েছেন শাহরিয়ার নাফীস। দৃষ্টিনন্দন ইনিংসটায় একমাত্র খুঁত ওটাই। দিন শেষ ২১ চার ও ২ ছয়ে ১৯৭ বল থেকে ১৪৭ রান। ষষ্ঠ উইকেটে সৌম্য সরকারের সঙ্গে ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটি। ১১ চারে ৫৫ রান করা বাঁহাতি সৌম্যও খেলেছেন দারুণ সব ড্রাইভ, মুগ্ধতায় একট পরপরই ‘বাহ, বাহ’ করলেন নির্বাচক হাবিবুল বাশার!
প্রচন্ড রোদে ও খানিকটা মন্থর উইকেটেও নতুন বলে যথেষ্ট গতি-বাউন্স আদায় করে নিয়েছেন সবুজ দলের দুই পেসার রুবেল ও রবিউল। রবিউলকে হুক করে গিয়ে আউট এনামুল, সাপের মতো ছোবল দেওয়া আরেক বলে প্রথম বলেই কট বিহাইন্ড নাঈম। ২৯ বলে ৩৪ করা নাসির ফিরেছেন আল আমিনকে খোঁচা মেরে। এনামুলের বলে ব্যাট-প্যাড ক্যাচ অধিনায়ক মাহমুদইল্লাহ। আরেক স্পিনার সোহাগ গাজী ছিলেন ভীষণ এলোমেলো।
সকালে ৫ ওভারের আরেকটি স্পেল করেছেন মাশরাফি। আগের দিনের চেয়ে ছিলেন আরও ক্ষিপ্র, গতিময় ও আগ্রাসী। প্রতি ওভারেই একটি করে বাউন্সার দিয়েছেন, একমাত্র উইকেটটিও জিয়াউরকে বাউন্সারেই কট বিহাইন্ড করে। মার্শালের আগেই নির্বাচকদের দরজায় শক্ত কড়া নাড়া হয়ে গেছে আরেকজনের। ৮৪ রান করা মুশফিকের উইকেটটিসহ রাজ্জাক নিয়েছেন ৭ উইকেট। মার্শালের মতোই গত মৌসুমে দুর্দান্ত করেও ফিরতে পারেননি টেস্টে। সুযোগ পাওয়া আর ফেরার দাবিটা দুজন জোরেশোরে জানালেন এক দিনেই।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি সবুজ: ৯৭.২ ওভারে ২৬৮ (মুশফিক ৮৪, মেহরাব ৫১, জিয়াউর ৯, সোহাগ ৩২, এনামুল জুনিয়র ৫*, রবিউল ৪, রুবেল ০; মাশরাফি ১৫-২-৪০-১, সাজেদুল ৯-২-৪০-০, শফিউল ৯-০-৩৫-০, রাজ্জাক ৩৫-১৬-৭৩-৭, মাহমুদউল্লাহ ১৩.২-৩-৩১-২, মুক্তার ১০-৩-২৮-০, নাসির ৪-১-৪-০, সৌম্য ২-০-১০-০)।
বিসিবি লাল: ৬৩ ওভারে ২৮২/৫ (এনামুল ১৩, শামসুর ৪, মার্শাল ১৪৭*, নাঈম ০, নাসির ৩৪, মাহমুদউল্লাহ ২৩, সৌম্য ৫৫*; রবিউল ৮-০-৩২-২, রুবেল ৯-১-৪২-১, আল আমিন ৬-১-১৭-১, সোহাগ ১৫-০-৯২-০, এনামুল জুনিয়র ১৮-৪-৫৯-১, মমিনুল ১-০-৯-০, মেহরাব ১-০-৭-০, রকিবুল ১-০-১১-০, জিয়াউর ৪-০-১১-০)।