শিবনারায়ণ চন্দরপল অনেক ক্ষেত্রেই আমার চেয়ে এগিয়ে। ১৪৫টি টেস্ট বেশি খেলেছেন। টেস্ট রানও আমার চেয়ে ১০,৪৬৫ বেশি। তবে একটা জায়গায় গায়ানিজ বাঁহাতি একটু পেছনেই আছেন। চন্দরপলের টেস্ট অভিষেক ১৯৯৪ সালের মার্চে। আমার এর ১৪ মাস আগে। মাঠে আর প্রেসবক্সে টেস্ট অভিষেক মেলানোটা যে রসিকতা, এটা বোধহয় না বললেও চলে।তার পরও লিখছি একটা প্রশ্ন মনে এল বলে। যেকোনো টেস্টের প্রথম দিন, বিশেষ করে, টেস্ট সিরিজের প্রথম দিন সকালে আলাদা যে একটা রোমাঞ্চ অনুভব করি, এই এত বছর পর চন্দরপলও কি তা করেন! সেই ১৯৯৫ সালে শারজায় পরিচয়, নাম হয়তো মনে রাখেননি, তবে মুখচেনা একটা সম্পর্ক আছে। এবার ঢাকায় পা রাখার পরদিনই হোটেলে কথা হয়েছে। তবে এই কথাটা কখনো জিজ্ঞেস করা হয়নি। জিজ্ঞেস করতে হবে। সিরিজ তো মাত্র শুরু। সুযোগ পাবই।কাল সকালেও যথারীতি প্রথম টেস্টের রোমাঞ্চ নিয়েই ঘুম ভাঙল। তবে মাঠে আসতে আসতে একটা ব্যতিক্রম হলো। সিরিজের প্রথম টেস্টে টসের আগেই প্রেসবক্সে থিতু হয়ে বসাটাও একরকম ‘নিয়ম’ বলেই মেনে এসেছি এত দিন। কাল তা পারলাম না। প্রেসবক্সে ঢুকতেই ক্রিস গেইলের ছক্কা। এ কী, প্রথম বলেই ছক্কা মেরে দিলেন নাকি!সেটি যে আসলে ওভারের চতুর্থ বল, সেটি জানলাম এক সহকর্মীর কাছ থেকে। প্রথম বলটির ভাগ্যেও যে ছক্কা জুটেছে, সেটিও। কে বোলিং করছেন—শাহাদাত না রুবেল? বোলারের নাম সোহাগ গাজী জেনে বিস্ময়ের একটা ধাক্কাই লাগল।১৯৯২ বিশ্বকাপে অফ স্পিনার দীপক প্যাটেলকে দিয়ে বোলিং ওপেন করিয়ে হইচই ফেলে দিয়েছিলেন মার্টিন ক্রো। তবে অনেক দিনই এটি আর কোনো চমক নয়। বরং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্পিনার দিয়ে বোলিং ওপেন করানো ডাল-ভাতই হয়ে গেছে গত কিছুদিনে। তাই বলে টেস্ট ম্যাচে অফ স্পিনার দিয়ে বোলিং শুরু করা, তার ওপর সেই অফ স্পিনারের এটি অভিষেক! না, এই এক্সপেরিমেন্টটা একটু বাড়াবাড়িই হয়ে গেছে। ওই দুই ছক্কায় মুশফিকুর রহিমও নিশ্চয়ই তা বুঝে ফেলেছেন। সোহাগ গাজী আবার কখন বল হাতে পান, কে জানে!কী আশ্চর্য, সোহাগ গাজীকে দিয়েই চালিয়ে গেলেন মুশফিক এবং দিন শেষে সেই সোহাগই বাংলাদেশের সফলতম বোলার। তিন উইকেটের মধ্যে ক্রিস হেনরি গেইল নামের ‘বোলারদের যমও’ আছেন। ‘সাবাস সোহাগ’ বলে যে কারোরই সোহাগ গাজীর পিঠ চাপড়ে দিতে ইচ্ছা করবে। ধন্যবাদ দেওয়া উচিত মুশফিককেও। তিন নির্বাচকেরও কি পিঠ চাপড়ে দেওয়া উচিত নয়! থাক, তাঁরা সম্মানিত লোক। তিনজনই জাতীয় দলের সাবেক অধিনায়ক, তাঁদের পিঠ চাপড়ে দেওয়াটা ঠিক শোভন দেখায় না। তবে ‘ওয়েলডান’ বলে একটা স্বীকৃতি কিন্তু তাঁদের প্রাপ্যই। সোহাগ গাজীকে দিয়ে বোলিং শুরু করানোর পরিকল্পনাটা নিয়ম অনুযায়ী বাংলাদেশ দলের থিংক ট্যাঙ্কের মাথা থেকেই এসেছে বলে বিশ্বাস করতে চাই। তবে সোহাগ গাজীকে ১৪ জনের দলে নেওয়াটা তো নির্বাচকদের সিদ্ধান্ত। তাঁকে একাদশে ঢুকিয়ে দেওয়ায়ও নির্বাচকদের ভূমিকা থাকার কথা। সোহাগের ওই ৩ উইকেট ভুলিয়ে দিতে পারে, তবে সিদ্ধান্তটা কিন্তু সাহসীই ছিল। গত বছর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া ইলিয়াস সানিকে বসিয়ে রেখে আনকোরা ছেলেটাকে নামিয়ে দিতে সাহস তো লাগেই। ভুল করলে যদি নির্বাচকদের সমালোচনা জোটে, ভালো কিছু করলে অভিনন্দন কেন পাবেন না?সোহাগ গাজীর বোলিং দেখতে দেখতে বাংলাদেশের অভিষেক টেস্টের নাঈমুর রহমানকে মনে পড়ছিল। সোহাগের আগে বাংলাদেশের টেস্ট দলে সর্বশেষ স্পেশালিস্ট অফ স্পিনার তো নাঈমুরই। অভিষেক ইনিংসেই ৬ উইকেট নিয়েছিলেন। সেই টেস্টে নাঈমুরের বোলিং দেখে দারুণ এক কমপ্লিমেন্ট দিয়েছিলেন ইয়ান চ্যাপেল। কলকাতা থেকে প্রকাশিত সৌরভ গাঙ্গুলীকে নিয়ে লেখা একটা বইয়ের ভূমিকায় স্পিনের বিপক্ষে সৌরভ কতটা দুর্দান্ত বোঝাতে গিয়ে চ্যাপেল লিখেছিলেন, সৌরভকে তিনি ফ্লাইটে বিভ্রান্ত হতে দেখেননি বললেই চলে। একটা ব্যতিক্রমই তাঁর মনে পড়ে। বাংলাদেশের অভিষেক টেস্টে নাঈমুর দুবার ফ্লাইটে বোকা বানানোর পর তৃতীয় বারে সৌরভকে আউট করেছিলেন।অভিষেক টেস্টেই নাঈমুরের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। সর্বনাশটাও হয় ওতেই। অ্যাকশন ঠিকঠাক করার পর নাঈমুর আর আগের বোলার হতে পারেননি। সোহাগ গাজী অনেক প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। অভিষেকেই ৬ উইকেট পাওয়ার সুযোগও ভালোই আছে। যদি তা পেয়েই যান, নাঈমুরের সঙ্গে মিলটা যেন সেখানেই শেষ হয়!