নির্বাচকেরা তাঁকে চেয়েছিলেন
বিসিবির শীর্ষস্থানীয় কর্মকর্তারা চেয়েছিলেন ‘এ’ দলের ব্যাটসম্যান মমিনুল হককে। নির্বাচকেরা শেষ পর্যন্ত সে অনুরোধ না রাখায় ১৪ সদস্যের দলটাকে নির্বাচকদের দলই মনে হচ্ছিল। আসলে তা নয়। নির্বাচকেরা চাইলেও বিসিবির টেকনিক্যাল কমিটির ইচ্ছাতেই ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আশরাফুল।দল বাছাই করার আগেই ‘অতি ক্ষমতাশালী’ টেকনিক্যাল কমিটি নির্বাচকদের জানিয়ে দেয়, ঢাকা টেস্টে আশরাফুলকে রাখা যাবে না। নিতে হবে মমিনুলকে। অনেক যুক্তিতর্কের পর শেষ পর্যন্ত তাদের ইচ্ছা অনুযায়ী আশরাফুলকে বাদ দিয়েই দল করেছেন নির্বাচকেরা। তবে নেননি মমিনুলকে। আশরাফুলের নাম কেটে লিখেছেন শফিউল ইসলামের নাম। খেলার মতো ফিটনেস নেই জেনেও শফিউলকে নেওয়ার মূল কারণ বোর্ডের প্রতি নির্বাচকদের অবিশ্বাস। এই বোর্ড সুযোগ বুঝে একাদশ নির্বাচনেও হস্তক্ষেপ করে। ১৪ জনে রাখলে যদি শেষ পর্যন্ত তারা মমিনুলকে এই টেস্টে খেলিয়ে দেয়! পাকিস্তানের ধারালো বোলিং আক্রমণের সামনে একেবারে নতুন কোনো ব্যাটসম্যান নামানোর পক্ষে নন নির্বাচকেরা। সে জন্যই কেবল ১৪ জনের কোটা পূরণের জন্য বগুড়া থেকে ডেকে আনা হয়েছে শফিউলকে।সূত্র জানিয়েছে, ১৪ ডিসেম্বর বিকেলে টেকনিক্যাল কমিটির প্রধান এনায়েত হোসেন ও সদস্য জালাল ইউনুসের সঙ্গে দল নিয়ে আলোচনায় বসেন তিন নির্বাচক আকরাম খান, মিনহাজুল আবেদীন, হাবিবুল বাশার, অধিনায়ক মুশফিকুর রহিম ও কোচ স্টুয়ার্ট ল। সভায় টেকনিক্যাল কমিটির প্রধান প্রথমেই জানিয়ে দেন, দল করতে হবে আশরাফুলকে বাদ দিয়ে। সেই জায়গায় মমিনুলকে নেওয়া হোক। নির্বাচকেরা দ্বিমত পোষণ করেন। তাঁদের বক্তব্য, চট্টগ্রাম টেস্টের আগে আশরাফুলকে নেওয়াই হয়েছিল দুই টেস্টের চার ইনিংসে ব্যাট করার সুযোগ দেওয়া হবে ভেবে। শুধু আশরাফুল নন, আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের ক্ষেত্রেও তাঁদের একই নীতি।মমিনুলের ক্ষেত্রে নির্বাচকদের আপত্তি টিকলেও আশরাফুল প্রশ্নে টেকনিক্যাল কমিটিই জিতেছে শেষ পর্যন্ত। অথচ গত পরশু প্রথম আলোকে এনায়েত হোসেন উল্টোটাই বলেছিলেন—নির্বাচকেরাই নাকি দলের বাইরে রেখেছেন আশরাফুলকে। দল নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও এনায়েত হোসেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচক আকরাম খানের দাবি, ‘কথাটা ঠিক নয়। আমরা ও রকম কিছু বলিনি।’দল নির্বাচনে বারবার একই ধরনের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে উঠেছে নির্বাচক কমিটি। বোর্ডের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে দু-একবার উত্তপ্ত বাক্যবিনিময়ও নাকি হয়েছে। নির্বাচকেরা এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে না চাইলেও জানা গেছে, স্বাধীনভাবে দল নির্বাচনের স্বার্থে যত দ্রুত সম্ভব কিছু কঠিন শর্ত নিয়ে বোর্ড সভাপতির সঙ্গে কথা বলতে চান তাঁরা। সেই সব শর্তে রাজি না হলে কিংবা ভবিষ্যতে আবার দল নির্বাচনে হস্তক্ষেপের ঘটনা ঘটলে নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারেন আকরাম, মিনহাজুল ও হাবিবুল।নিজেদের অবস্থানে অটল থাকতে, ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সেটা করতেই পারে এযাবৎকালের সবচেয়ে ‘হাই প্রোফাইল’ নির্বাচক কমিটি। নামেই পেশাদার বিসিবির একের পর এক অপেশাদারি কাজের একটা কড়া প্রতিবাদও হবে সেটা।সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ অবশ্য মনে করছেন, বিসিবিতে আদৌ কোনো নির্বাচক কমিটির দরকার নেই, ‘টেকনিক্যাল কমিটি নীতিনির্ধারণী কাজ করতে পারে। আশরাফুলকে বাদ দাও, মমিনুলকে নাও—এ ধরনের সিদ্ধান্ত তারা দিতে পারে না। দিলে আলাদা করে নির্বাচক কমিটি থাকার দরকার নেই।’ আকরামের মতো ফারুকও মনে করেন, ঢাকা টেস্টে খেলানো উচিত ছিল আশরাফুলকে, ‘আমার তো মনে হয় চট্টগ্রামে দুই ইনিংস মিলিয়ে আশরাফুল ১০টা বলও খেলেনি। আশরাফুলকে যখন জাতীয় লিগ থেকে আনাই হলো, ঢাকা টেস্টে তাকে অবশ্যই খেলানো উচিত ছিল। যারা ক্রিকেট চালাচ্ছে, এটা তাদের চিন্তাভাবনারই দৈন্য।’আশরাফুল-সাকিবদের পারফরম্যান্স প্রশ্ন তোলারও আর কি সুযোগ আছে এই ‘অপেশাদার’ বোর্ডের?