নির্বাচকেরা যেন ‘শোপিস’ না হন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাই প্রোফাইল নতুন নির্বাচক কমিটির কাছে প্রথম প্রত্যাশা তারা স্বাধীনভাবে কাজ করবে। দ্বিতীয় প্রত্যাশাও এটাই—স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রথম প্রত্যাশা পূরণ না হলে যে দ্বিতীয় প্রত্যাশায় অন্য কিছু আসার সুযোগই নেই...।’কথাটা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদের। শুধু ফারুক নন; আকরাম খান, মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশারকে নিয়ে গঠিত নতুন নির্বাচক কমিটিকে সাবেকেরা এক কথায় বলছেন ‘হাই প্রোফাইল’। সঙ্গে সবাই এই কথাটাও জুড়ে দিচ্ছেন, যত হাই প্রোফাইল নির্বাচক কমিটিই হোক, কাজের স্বাধীনতা না পেলে নির্বাচকেরা ড্রয়িংরুমে সাজানো শোপিস মাত্র।নির্বাচক কমিটির কাজে বোর্ডের হস্তক্ষেপের কথা রফিকুল আলমের নেতৃত্বাধীন সর্বশেষ নির্বাচক কমিটির সময়ই বেশি শোনা গেছে। নতুন নির্বাচক কমিটিকে অভিনন্দন জানাতে গিয়ে ফারুক আহমেদ সেই প্রসঙ্গই টেনে আনলেন আগে, ‘তাদের ক্রিকেট-মস্তিষ্ক এবং সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। তিনজনই সাবেক অধিনায়ক, অনেক দিন বাংলাদেশ দলে খেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, বোর্ড তাদের কাজে কতটা হস্তক্ষেপ করবে। স্বাধীনতা না দিলে কোনো নির্বাচক কমিটিই কাজ করতে পারবে না।’ফারুক আহমেদ নির্বাচকদের ‘স্বাধীনতা’র একটা ব্যাখ্যাও দিয়েছেন, ‘বোর্ড শুধু পলিসি বুঝিয়ে দেবে। বলে দেবে তোমরা এই বয়সের বেশি খেলোয়াড়কে জাতীয় দলে নিতে পারবে না বা একাডেমিতে রাখতে পারবে না। কিন্তু বোর্ড যেন কখনোই না বলে অমুককে বাদ দিয়ে তমুককে নাও।’ তবে নির্বাচকদের জন্যও পরামর্শ আছে তাঁর, ‘নির্বাচকদের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করতে হবে। দুই বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ, চার বছর পর বিশ্বকাপ। টেস্ট ক্রিকেটেও আমাদের অনেক দূর যেতে হবে। তবে সবার আগে পাইপলাইনে ক্রিকেটার সরবরাহ বাড়াতে হবে। বয়সভিত্তিক পর্যায়েও নির্বাচকদের অনেক কাজ করার আছে।’ফারুক আহমেদের কমিটিতে নির্বাচক ছিলেন আতহার আলী খান। নির্বাচকদের স্বাধীনতার কথা তিনিও বললেন সবার আগে, ‘আগের কমিটির সময় দল নির্বাচনের বোর্ডের হস্তক্ষেপের অনেক অভিযোগ শুনেছি। নির্বাচকদের স্বাধীনতা ছিল না, তাদের ওপর আরেকটা কমিটি ছড়ি ঘুরিয়েছে। এবার আর সেসব শুনতে চাই না।’ নির্বাচক কমিটিতে মিনহাজুল-হাবিবুলকে দেখে আতহারের ভালো লাগছে। একসময়ের সহ-নির্বাচক আকরামকেও তাঁর অভিনন্দন, তবে প্রশ্ন তুলেছেন, ‘একটা কথা বলতে বাধ্য হচ্ছি—আকরাম খান কেন এই নির্বাচক কমিটিতে? নতুন নির্বাচক কমিটিতে সবই নতুন মুখ নয় কেন? আকরাম গত নির্বাচক কমিটিতে ছিল, আমাদের সময়ও ছিল। তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না। তবে আমি মনে করি, পুরো নির্বাচক কমিটিই বদলে ফেলা উচিত ছিল। তাহলে হয়তো আমরা আরও বেশি নতুন চিন্তাভাবনা দেখতে পেতাম।’নির্বাচক হিসেবে কাজ না করলেও সহকারী কোচ থাকার সুবাদে বাংলাদেশ দল এবং বোর্ডকেও খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা আছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদের। সেই অভিজ্ঞতা থেকেই বললেন, দল নির্বাচনে বোর্ডের হস্তক্ষেপের কথা এমনকি গুঞ্জনের মতো ছড়ালেও সেটার বাজে প্রভাব পড়ে খেলোয়াড়দের ওপর, ‘এতে নির্বাচকদের ওপর থেকে খেলোয়াড়দের শ্রদ্ধাটা চলে যায়। নির্বাচকদের কেউ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাস-শ্রদ্ধাটুকু থাকা জরুরি।’দল নির্বাচনে স্বাধীন ও প্রভাবমুক্ত থাকাটাই নতুন নির্বাচক কমিটির বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন মাহমুদ। তবে স্বাধীনতা মানে তাঁর কাছে এই না যে নির্বাচকেরা বোর্ডের মুখোমুখি দাঁড়িয়ে যাবেন, ‘নির্বাচকেরা কীভাবে কাজ করছেন সেটা জানার অধিকার বোর্ড বা বোর্ড সভাপতির আছে। প্রয়োজনে বোর্ড তাঁদের ডাকবে, নির্বাচকেরা তখন যুক্তি দিয়ে তাঁদের সিদ্ধান্তকে প্রতিষ্ঠা করবেন। কাকে কেন দলে নিলেন, কেন বাদ দিলেন সেসব যুক্তি দিয়ে বোর্ডকে বোঝাতে হবে। তবে বোর্ড নির্বাচকদের কতটুকু বলতে পারবে এবং নির্বাচকেরা কতটুকু মানবেন, সেটার একটা সীমারেখা থাকা জরুরি।’অন্যদের মতো নতুন নির্বাচক কমিটির কাছে অনেক প্রত্যাশা সাবেক অধিনায়ক এবং বর্তমান বোর্ড পরিচালক গাজী আশরাফ হোসেনেরও। তবে আগের নির্বাচক কমিটির কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগ মানছেন না তিনি, ‘আমি এর সঙ্গে একমত নই। তাঁরা যথেষ্টই স্বাধীন ছিলেন।’ তবে স্বীকার করেছেন, পরিস্থিতির প্রয়োজনে নির্বাচকদের সঙ্গে অনেক সময় বোর্ড দল নিয়ে আলোচনা করেছে, দিকনির্দেশনা দিয়েছে। ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতেও সেটা থাকবে, ‘ক্রিকেট এমন একটা খেলা যেখানে আলাপ-আলোচনা খুব গুরুত্বপূর্ণ। ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতেও তা থাকবে। তবে সেটা কখনোই চাপ হিসেবে থাকবে না।’