নির্বাচন নিয়ে উত্তপ্ত রাজশাহীর ক্রীড়াঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার বর্তমান কমিটির মেয়াদ শেষ আগামী ২৮ অক্টোবর। নির্বাচন সামনে রেখে আগামীকাল তফসিল ঘোষণা। কিন্তু এটি প্রতিহত করার ঘোষণা দিয়েছে রাজশাহী ক্রীড়াঙ্গন রক্ষা কমিটি। এই কমিটি আবির্ভূত হয়েছে গত শনিবার। আহ্বায়ক পদে আছেন মাহমুদ জামাল। কমিটি আগামীকাল রাজশাহী ডিএসএ অফিস ঘেরাওয়েও ঘোষণা দিয়েছে। আজ নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন করবে সংগঠনটি। বর্তমান কমিটি ‘দুর্নীতিবাজ’— বলছে রাজশাহী ক্রীড়াঙ্গন রক্ষা কমিটি। তারা নির্বাচন চায় না, চায় আহ্বায়ক কমিটি! এ অবস্থায় সংগঠকদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই অবস্থায় বর্তমান সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বিশৃঙ্খলা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন।স্থানীয় জেলা প্রশাসক ও ডিএসএর সভাপতি আবদুল হান্নান বলছেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী অবশ্যই নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে। তা সত্ত্বেও বিজ্ঞ আদালত এবং মন্ত্রণালয় কোনো নিষেধাজ্ঞা জারি করলে আমি তা মানতে বাধ্য। তবে ২৫ আগস্ট কেউ আইন ভাঙলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’