নির্বাচন শেষ, ডিএফএর আগ্রহও
ঢাকার বাইরের সংগঠকদের বাফুফে নির্বাচন নিয়ে কত আগ্রহ! যেকোনো মূল্যে বাফুফের নির্বাহী কমিটিতে থাকতে হবে। কিন্তু নির্বাচন শেষে উৎসাহটা আর থাকছে না।সর্বশেষ এই উদাহরণটা তুলে ধরল বাফুফের ফেডারেশন শিল্ড কাপ। এই টুর্নামেন্টে খেলতে ৬২টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে নিবন্ধন করেছে মাত্র পাঁচটি! বাফুফের নির্বাহী কমিটিতে থাকা ঢাকার বাইরের ছয়জন সদস্যেরই জেলার দল নেই।অথচ বাফুফের নির্বাহী কমিটিতে নির্বাচিত হয়ে এসেছেন সরাসরি জেলার প্রতিনিধিত্ব করা ৭-৮ জন। সেই কর্মকর্তারা তাঁদের জেলা থেকে একটা দল আনতে অক্ষম! বাফুফের বর্তমান কমিটিতে ঢাকার বাইরের কর্মকর্তা হিসেবে আছেন বরিশালের আলমগীর খান, চাঁপাইনবাবগঞ্জের তৌফিকুল ইসলাম, কক্সবাজারের বিজন বড়ুয়া (কক্সবাজারের একটি দল পেশাদার লিগে খেলছে), খুলনার আজমল আহমেদ, নীলফামারী আরিফ হোসেন, গোপালগঞ্জের ইলিয়াস হোসেন। নির্বাচনের সময় ফুটবলের উন্নয়নে কাজ করবেন বলে তাঁরা অঙ্গীকার ব্যক্ত করেছিলেন। তবে এই প্রতিযোগিতায় নিজ জেলার একটি দল না আনতে পারার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তাঁরা দিয়েছেন সাংবাদিকদের কাছে। ইলিয়াস হোসেন যেমন বললেন, ‘টাকাপয়সার অভাবের কথা স্থানীয়ভাবে বলেছে আমাকে। তবে আমার মনে হয় উদ্যোগের অভাবই বড়।’ বিজন বড়ুয়া বলেছেন, তিনি ব্যাপারটা জানতেনই না! পাইওনিয়ার লিগ নিয়ে ব্যস্ত আছেন। তৌফিকুল ইসলামের কথা, দল পাঠাতে হবে এমন নির্দেশনা দেওয়া হয়নি কেন্দ্র থেকে। আর আরিফ হোসেনের বক্তব্য, এখন জেলা লিগ শুরু করা নিয়ে তিনি ব্যস্ত আছেন। সেটাই আপাতত তাঁর কাছে বড়।ফেডারেশন সব জেলাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে বলে জানালেন প্রতিযোগিতা কমিটি। ১৮টি দল নিয়ে ঢাকার বাইরে তিনটি ভেন্যুতে গতকাল তারা টুর্নামেন্টটি শুরু করতে চেয়েছিল। কিন্ত প্রত্যাশিত সাড়া না পাওয়ায় ১২টি দল নিয়ে ফেনী ও যশোরে ১২-২১ সেপ্টেম্বর প্রাথমিক পর্ব আয়োজনের সিদ্ধান্ত হয়েছে কাল। নিবন্ধন করা ১৪-১৫টি দল থেকে দল ১২টিকে বেছে নেওয়া হবে (বুয়েট খেলবে না বলে জানিয়ে দিয়েছে)। প্রতি ভেন্যুর সেরা তিনটি দল ফেডারেশন কাপের মূল পর্বে সুযোগ পাবে। এসব তথ্য জানাতে গিয়ে প্রতিযোগিতা কমিটির প্রধান তাবিথ আউয়াল কাল বিব্রত হলেন, হতাশাও ব্যক্ত করলেন। বাফুফেতে প্রথম টুর্নামেন্ট হাতে নিয়েই সময়মতো করতে পারলেন না। বাফুফের বর্ষপঞ্জিও শুরুতে হোঁটচ খেয়েছে। তাবিথ আউয়াল এসবের একটা ব্যাখ্যা দিলেন, ‘আমরা অনেক চেষ্টা করলাম। কিন্তু ডিএফএ আগ্রহী না হলে কী করার আছে!’ নির্বাচনের সময় ফুটবল উন্নয়নের জোয়ার বইয়ে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডিএফএগুলোর পক্ষ থেকে। এ প্রসঙ্গে তাঁর কথা, ‘ওটা তো ছিল নির্বাচনী স্লোগান।’