নির্বাচন স্থগিতের পরামর্শও আসছে
শেষ পর্যন্ত বিনা বাধায় আজ নির্বাচিত হয়ে যাওয়ার কথা সেপ ব্ল্যাটারের। কিন্তু সাম্প্রতিক সময়ে দুর্নীতি ও অনিয়মের এত অভিযোগ ওঠার পর আজকের এই নির্বাচন বাতিল করে দেওয়াই হবে যুক্তিযুক্ত—এমনটাই মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। শুধু দুর্নীতিবিরোধী এই সংগঠনটিই নয়, ফিফার নির্বাচন বাতিলের আহ্বান জানিয়েছে ইংলিশ ফুটবল সংস্থাও (এফএ)।২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে রাশিয়ার কাছে হেরে যাওয়া ইংল্যান্ডই প্রথম ফিফার দুর্নীতি ও অনিয়ম নিয়ে সোচ্চার হয়। এফএ এর আগেই জানিয়েছিল, ১ জুন ফিফা কংগ্রেসে তারা ভোট দেবে না। এবার ফিফার সবচেয়ে ‘ঐতিহ্যবাহী ও সম্মানিত সদস্য’ এফএর প্রধান ডেভিড বার্নস্টেইন আহ্বান জানালেন নির্বাচন স্থগিত রাখার। কারণ তাঁর মতে, এই মুহূর্তে নির্বাচনের আগে বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে ফিফার পুনর্গঠন। এবং এই পুনর্গঠন প্রক্রিয়ায় ফিফার বাইরে স্বাধীন এবং নিরপেক্ষ কাউকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বার্নস্টেইন।বার্নস্টেইনের আশা, তাঁর এই আহ্বান গুরুত্বের সঙ্গেই দেখা হবে, ‘ফিফার ভাবমূর্তির জন্য সময়টা বড়ই নাজুক। ফিফার কারণে পুরো ফুটবলবিশ্বই কঠিন সময় পার করছে। শীর্ষ পর্যায় থেকে খেলাটি কীভাবে চালানো হচ্ছে, সে ব্যাপারে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে আমরা আশা করি আমাদের অনুরোধগুলো ইতিবাচকভাবে দেখা হবে।’এদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ক্রীড়া উপদেষ্টা সিলভিয়া স্নেক বলেছেন, ‘নির্বাচন স্থগিত করা উচিত। এরপর কিছুটা সময় নিয়ে সবকিছু মিটিয়ে ফেলার পর নতুন নির্বাচনের আয়োজন করা উচিত।’ এএফপি, রয়টার্স।