নির্বাচনী গেরোয় স্থবির শ্যুটিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলাজটে পড়ে দেশের সম্ভাবনাময় শ্যুটিংয়ের অবস্থা জেরবার। প্রতিযোগিতা নেই, প্রশিক্ষণ ক্যাম্প বন্ধ। গত জুনের পর থেকে সবকিছুই স্থবির। শ্যুটাররা ঘরে বসে সময় কাটাচ্ছেন। চারদিকে হতাশার বতাবরণ।শীর্ষ শ্যুটার শারমিন আক্তারের (রত্না) কণ্ঠে একরাশ হতাশা, ‘গত জুলাইয়ে অলিম্পিক থেকে আসার পর থেকেই ঘরে শুয়ে-বসে সময় কাটাচ্ছি। অন্যরা আরও লম্বা সময় ধরে বসে আছে। সব শ্যুটারই ভেঙে পড়েছে। শ্যুটিংয়ে প্রতিদিন অনুশীলন করা লাগে। অনুশীলন-খেলাবিহীন অবস্থায় আমরা অনেক পিছিয়ে পড়েছি।’ফেডারেশনের নির্বাচিত কমিটির বাতিল চেয়ে একটা পক্ষ অনেক দিন ধরেই মামলা করে আসছিল। তারই জেরে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে গত ২৭ সেপ্টেম্বর বিদায় নিতে হয়েছে নির্বাচিত কমিটিকে। নির্বাচন পরিচালনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠন করেছে সাত সদস্যের কমিটি, এর সদস্যসচিব এনএসসিরই ক্রীড়া পরিচালক হাইয়ুল কাইয়ুম। নির্বাচন করতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চূড়ান্ত রায় দেন গত ১৯ জুলাই। নির্বাচন হচ্ছে ১৯ নভেম্বর।নির্বাচিত কমিটি গত জুনের পর থেকেই নিষ্ক্রিয় হয়ে পড়ে। আইন-আদালত করেই তাদের সময় কেটেছে। শেষ পর্যন্ত নিতে হয়েছে নীরব বিদায়। শুধু তা-ই নয়, বিদায়ী সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীণ সংগঠক আনসার আলীসহ অনেক দাপুটে এবং চেনা মুখই এবার কাউন্সিলর তালিকায় নেই। যার অর্থ, তাঁদের আপাত বিদায়।নতুন সাধারণ সম্পাদক হিসেবে শোনা যাচ্ছে স্কিট শ্যুটার ইন্তেখাবুল হামিদের নাম। যত দূর জানা গেছে, একক পরিষদই হচ্ছে। সেই হিসেবে মনোনয়নপত্র জমা ও প্রত্যাহার শেষ হলেই নতুন নেতৃত্বের সামনে এসে পড়বে সিংহাসন।তবে নতুন কমিটির পক্ষে খেলায় গতি আনা কঠিন হতে পারে। কারণ লম্বা একটা বিরতি পড়েছে। গত নভেম্বর ও ফেব্রুয়ারিতে বিদায়ী কমিটি আয়োজিত নবীন ক্যাম্প বন্ধ। ফেডারেশনের নিজস্ব উদ্যোগে জাতীয় শ্যুটারদের প্রশিক্ষণ ক্যাম্প নেই এক বছরেরও বেশি সময়। গত জুনে অলিম্পিক গেমসের আগে দুজন শ্যুটার লন্ডনে প্রশিক্ষণে যান। তবে তা ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগ, ফেডারেশনের নয়। ঘরোয়া প্রতিযোগিতার ধারাবাহিকতাও থাকল না। বছরে আয়োজিত তিনটি প্রতিযোগিতার দুটি (গত ফেব্রুয়ারিতে আন্তক্লাব ও মে মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপ) হয়েছে। বর্ষপঞ্জিতে এ মাসেই থাকা এয়ারগান চ্যাম্পিয়নশিপ চলে গেছে হিমাগারে। গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত নির্ধারিত চীনের এশিয়ার এয়ারগান চ্যাম্পিয়নশিপ পিছিয়ে গেছে, তা না হলে বাংলাদেশ এবার দলই পাঠাতে পারত না।শ্যুটিং অঙ্গনের প্রত্যাশা একটি স্বচ্ছ নির্বাচন। কিন্তু নির্বাচনী-প্রক্রিয়া নিয়ে বিদায়ী সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদের অনেক ক্ষোভ, ‘নির্বাচনের নামে ধাপ্পাবাজি হচ্ছে। বিশেষ ব্যক্তিদের ক্ষমতায় বসাতে নিয়মনীতি পদদলিত। নড়াইলের ডিসি, খুলনা মেট্রোপলিটনে পুলিশ কমিশনার, যশোরে টিএনও, কুষ্টিয়া ও কুমিল্লায় জেলা পরিষদ প্রশাসকসহ আরও অনেক জায়গাতেই শ্যুটিংয়ের বাইরের লোকদের নিয়ম ভেঙে কাউন্সিলর করা হয়েছে। রাজশাহীতে নিয়ম ভেঙ্গে আমাকে কাউন্সিলর হতে দেওয়া হয়নি।’ এ বিষয়ে হাইয়ুল কাইয়ুমের বক্তব্য, ‘আমরা কোনো অভিযোগ পাইনি। পেলে নিশ্চয়ই নির্বাচন কমিশন ব্যবস্থা নিত।’নির্বাচন শেষে কাজকর্ম একসময় শুরু হবে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে মাথা তুলতে শুরু করা শ্যুটিং আবার মুখ থুবড়ে পড়ল। শ্যুটার আতিকুর রহমান তো এমনিই বলেননি, ‘আমরা অনেক পিছিয়ে গেলাম। সোজা হয়ে দাঁড়াতে আবার নতুন করে শুরু করতে হবে!’