নির্বাচনে লড়তে চান শ্রীনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিসিআই নির্বাচন অথবা চেন্নাই সুপার কিংসের মালিকানা। পরশু ভারতীয় ক্রিকেট বোর্ডের অপসারিত সভাপতি এন শ্রীনিবাসনকে যেকোনো একটি বেছে নিতে বলেছেন ভারতের সর্বোচ্চ আদালত। আইসিসি চেয়ারম্যান কাল সুপ্রিম কোর্টে লিখিতভাবেই আরজি জানালেন, তাঁকে যেন নির্বাচন করতে দেওয়া হয়। নির্বাচিত হলে যত দিন পর্যন্ত ফিক্সিং কেলেঙ্কারি থেকে নিজের নাম পুরোপুরি মুক্ত হচ্ছে, তত দিন আইপিএলের কোনো কার্যক্রমেই অংশ নেবেন না, যোগাযোগ রাখবেন না চেন্নাই সুপার কিংসের সঙ্গেও। আদালত অবশ্য পিছিয়ে দিয়েছেন নির্বাচনই। নির্বাচন হওয়ার কথা ছিল ১৭ ডিসেম্বর। এখন সেটা হবে ২০১৩ সালের আইপিএল ম্যাচ পাতানো কেলেঙ্কারি নিয়ে শুনানি শেষ হওয়ার পর ও আগামী ৩১ জানুয়ারির মধ্যেই।
এর আগে পরশু বিসিসিআইয়ের ওয়ার্কিং কমিটির সভায় যোগ দেওয়ায় শ্রীনিবাসনকে রীতিমতো ধুয়ে দেন আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশনা না মেনে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে সভায় যোগ দিয়েছিলেন শ্রীনি। আদালত প্রশ্ন তোলেন, সভায় যোগ দিলে কীভাবে বোর্ডের বাইরে থাকা হলো? শ্রীনিবাসনের আইনজীবী কপিল সিবাল অবশ্য মক্কেলের হয়ে স্বীকার করেন কাজটা ঠিক হয়নি। ক্রিকইনফো।