নির্বাচনের টানে হাজার সাঁতারু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঁতার কমপ্লেক্সের সামনের ফুটপাত থেকে ঝালমুড়ি কিনে পরম আনন্দে চিবোচ্ছিল একদল খুদে সাঁতারু। পুলের পাশে খাওয়ার স্যালাইন হাতে আরেক দল খুঁজছিল বিশুদ্ধ খাবার পানি। উদ্বোধনের জন্য আনা গ্যাস বেলুনের থোকা থেকে ছুটে যাওয়া দু-একটা বেলুন নিয়ে কেউ মহানন্দে ওড়াল। মিরপুর সাঁতার পুলে বয়সভিত্তিক জাতীয় সাঁতারের প্রথম দিনের দৃশ্যটা কাল ছিল এমনই।গত বছরের তুলনায় এবার সাঁতারু চার শতাধিক। প্রায় হাজারখানেক সাঁতারুর কলকাকলিতে সাঁতার পুল মুখর ছিল দিনভর। কেউ ডাইভিং পুলে নেমে সাঁতরাচ্ছে, কেউ ব্যস্ত প্রতিযোগিতার প্রস্তুতিতে। প্রথম দিনের ফলাফলও ছিল উৎসাহব্যঞ্জকই। ৩৬টি ইভেন্টের মধ্যে নতুন জাতীয় রেকর্ড হয়েছে ১৫টিতেই। তবে মুড়িমুড়কির মতো এই রেকর্ডের সবই হ্যান্ড-টাইমিংয়ে! ইলেকট্রনিক স্কোর বোর্ড আছে শুধু লোক দেখানোর জন্যই! আবাসন নিয়ে বরাবরের মতোই রয়েছে সমস্যা। ক্রীড়াপল্লি ও সাঁতার পুলের ডরমিটরিতে গাদাগাদি করে কোনো রকমে থাকছে দূরদূরান্ত থেকে আসা সাঁতারুরা। বয়স বাড়ানো নিয়েও রয়েছে অনেক অভিযোগ। বয়স বেশি হলেও অনেকেই খেলছে কম বয়সীদের বিভাগে। জোর করে অনেককে বেশি বয়সে ঢুকিয়ে দেওয়ার অভিযোগও করেছেন ঢাকার বাইরের কর্মকর্তারা। মেডিকেল বোর্ডের ওপর কোনো আস্থাই নেই তাঁদের। পঞ্চগড় জেলার আজহারুজ্জামান জানালেন, ‘আমাদের অনেক সাঁতারুর বেশি বয়স দেখানো হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। এভাবে বয়স নিয়ে অনিয়ম করলে আমরা কোথায় যাব?’ তবে অন্যান্যবারের চেয়ে এবার বেশি সাঁতারু আসার পেছনে অনেকে খুঁজছেন অন্য গন্ধ। বর্তমান নির্বাচিত কমিটির এটাই শেষ প্রতিযোগিতা। আগামী অক্টোবরেই শেষ হবে এই কমিটির মেয়াদ। নতুন ভোটার হওয়ার জন্যও অনেকে নাকি ইচ্ছা করে বেশি বেশি সাঁতারু নিয়ে এসেছেন। তবে এসব বিষয় একেবারেই আমলে নিচ্ছেন না ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন)। ‘এত সাঁতারু ঢাকায় আনার ব্যাপারটা ইতিবাচক। কারণ, চাইলেই কেউ কাউন্সিলর হতে পারবে না নতুন করে। গত চার বছরের পারফরম্যান্সের ভিত্তিতে যেসব ক্লাব সেরা ১৫টি দলের মধ্যে থাকবে, তারাই কাউন্সিলর হতে পারবে। এই বছর বেশি সাঁতারু আনলেও লাভ হবে না। তবে এসব সাঁতারুর মধ্যেই সম্ভাবনার বীজ দেখা গেছে। এখান থেকে যদি পাঁচটি ভালো মানের সাঁতারু পাই, সেটাও আমাদের জন্য অনেক।’কাল প্রথম দিনটি ছিল বিকেএসপির। ছেলেদের বিভাগে বিকেএসপির জাহিদুল ইসলাম নতুন জাতীয় রেকর্ড গড়েছে ১০০ মিটার ফ্রি স্টাইল, ১০০ মিটার বাটারফ্লাই ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে। মেয়েদের বিভাগে আনসারের নাজমা খাতুনের রেকর্ড ১০০ ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে এবং ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে। দিন শেষে ২৪টি সোনা, ১৮টি রুপা ও ৯টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে বিকেএসপি।