
যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। তৃতীয় পর্বে থাকছে ১৯৫০ ফ্রান্স বিশ্বকাপ—
এককালের মহা প্রতাপশালী ফরাসি সম্রাট নেপোলিয়ন নির্বাসিত হয়েছিলেন সেন্ট হেলেনা দ্বীপে। বিশ্বকাপ ফুটবল সম্রাটের চেয়ে কম কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে তাও নির্বাসিত হলো, পুরো এক যুগের জন্য! নেপোলিয়নের ফেরার সুযোগ হয়নি, বিশ্বকাপ নির্বাসন কাটিয়ে ঠিকই ফিরেছিল। জাঁকজমকপূর্ণ সেই ফেরাও আবার ফুটবলের চারণভূমি ব্রাজিলে। নতুন করে ফিরে বিশ্বকাপের নামও বদলে গেল, ফিফার প্রেসিডেন্ট হিসেবে ২৫তম বছর কাটানো জুলে রিমের সম্মানে বিশ্বকাপ হয়ে গেল জুলে রিমে কাপ।
বিশ্বকাপের প্রত্যাবর্তন নিশ্চিত হলো বটে। কিন্তু স্বাগতিক আর ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে বাদ রেখে চতুর্থ বিশ্বকাপের দাবিদারের তালিকায় বাকি ১৪টা নাম ঠিকঠাক করতেই ঘাম ছুটে গেল ফিফার। জাপান আর জার্মানি দুই ঝগড়াটে দেশকেই তখন নিষিদ্ধ রাখা হয়েছিল। বাছাইপর্বের আগেই বেঁকে বসল আগেরবারের রানার্সআপ হাঙ্গেরি, এর সঙ্গে জুটল তারও আগের রানার্সআপ চেকোস্লোভাকিয়া। সোভিয়েত ইউনিয়নও যোগ দিল ‘খেলব না’দের দলে। আর্জেন্টিনা, ইকুয়েডর, পেরু টুর্নামেন্ট ছেড়ে দিল বাছাইপর্বের মাঝামাঝিই। এশিয়া থেকে এই দলে ছিল ইন্দোনেশিয়া, ফিলিপাইন আর মিয়ানমার। ভারতের সামনে আসে বিশ্বকাপ খেলার হাতছানি। ভারত অবশ্য হেলায় হারিয়েছিল সেই সুযোগ। খালি পায়ে খেলার এক উদ্ভট দাবি জানিয়ে বসে তারা। ফিফা অবশ্য সেই দাবি পূরণ করার কোনো কারণ খুঁজে পায়নি।
শেষমেশ বিশ্বকাপের কোনো ম্যাচ শুরুর বাঁশি বাজল এক যুগ পর। শেষতক অবশিষ্ট ১৩ দলের এই টুর্নামেন্টে ছিল না কোনো নকআউট ম্যাচ। পুরোটাই লিগ ফরম্যাটে সাজানো হলেও বিন্যস্ত ছিল দুটি রাউন্ডে। চার গ্রুপের চার বিজয়ী দ্বিতীয় রাউন্ডে আবারও লিগ ফরম্যাটে লড়বে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে। দ্বিতীয় রাউন্ডে ওঠা চার দলের মধ্যে স্বাগতিক ব্রাজিল ছাড়াও ছিল স্পেন, উরুগুয়ে, সুইডেন। প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য ঘটনা ছিল ফুটবল বিশ্বে ‘অখ্যাত’ যুক্তরাষ্ট্রের কাছে ইংল্যান্ডের ১-০ গোলে হেরে যাওয়া।
সেই বিশ্বকাপে কোনো ‘ফাইনাল’ ছিল না। দ্বিতীয় রাউন্ডে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল ব্রাজিল ও উরুগুয়েই সেবার মুখোমুখি হয়েছিল শিরোপা-নির্ধারণী ম্যাচে। মারাকানায় দুই লাখ দর্শকের সামনে যেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল স্বাগতিকদের উল্লাস। স্বাগতিকদের বিশ্বকাপ জয়ের অলিখিত নিয়ম ভেঙে ২০ বছর পর বিশ্বকাপ খেলা প্রথম চ্যাম্পিয়নরাই ঘরে তুলে নিল জুলে রিমে ট্রফি। ব্রাজিলের ড্র করলেও চলত, উরুগুয়েকে জিততেই হতো কাপ ঘরে তুলতে। ৭৯ মিনিট পর্যন্ত ১-১-এ ঝুলে থাকা সেই ম্যাচে ঘিগিয়ার গোলে উরুগুয়ে যখন ২-১-এ এগিয়ে গেল, লোকে গিজগিজ করতে থাকা মারাকানায় তখন রাজ্যের নিস্তব্ধতা। মারাকানাজোখ্যাত এই নিস্তব্ধতার স্মৃতি আজও বিঁধে আছে রিওর মারাকানা স্টেডিয়ামের বুকে!