নির্বাসন-দণ্ডে বিশ্বকাপ শেষ সুয়ারেজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের মাথায় হাত। ছবিটা যেন প্রতীকী।  ছবি: ফিফা ডট কম
সুয়ারেজের মাথায় হাত। ছবিটা যেন প্রতীকী।  ছবি: ফিফা ডট কম

দুপাটি দাঁতের একটা কামড়। তাতেই শেষ হয়ে গেল লুইস সুয়ারেজের বিশ্বকাপ।
জর্জো কিয়েলিনিকে কামড়ে দেওয়ার ঘটনার তদন্ত শেষে কাল তাঁর শাস্তি ঘোষণা করেছে ফিফার শৃঙ্খলা কমিটি। ৯ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উরুগুইয়ান স্ট্রাইকার, যেকোনো ধরনের ফুটবল থেকে পেয়েছেন চার মাসের নির্বাসন-দণ্ড । শাস্তি কার্যকর হচ্ছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া-উরুগুয়ের ম্যাচ থেকেই। সুয়ারেজের এবারের বিশ্বকাপ তাই শেষ হয়ে গেল অকালেই। দলের সেরা খেলোয়াড়টিকে হারিয়ে কঠিন হয়ে গেল বিশ্বকাপে উরুগুয়ের বাকি পথ।
বড় ধরনের শাস্তি আসবে এটা অনুমেয়ই ছিল। একবার নয়, এই নিয়ে একই কাণ্ড তিনবার করলেন সুয়ারেজ। বছর চারেক আগে আয়াক্সের হয়ে খেলার সময় পিএসভি আইন্দহোফেনের ডাচ মিডফিল্ডার ওটমান বাক্কালের গলায় কামড়ে মাংস প্রায় তুলে দিয়েছিলেন। পরিণতি ৭ ম্যাচের নিষেধাজ্ঞা। ডাচ সংবাদমাধ্যম তো তখন তাঁর নামই দিয়েছিল ‘ক্যানিবাল অব আয়াক্স’। এরপর প্রিমিয়ার লিগে এলেন এবং গত বছর লিভারপুলের হয়ে খেলার সময় একটা ম্যাচে কামড়ে দিলেন চেসলি ডিফেন্ডার ইভানোভিচকে। এবার ১০ ম্যাচ নির্বাসন। তবে ইতালির বিপক্ষে ম্যাচের ৭৯ মিনিটে কিয়েলিনির কাঁধে হঠাৎ দাঁত বসিয়ে দেওয়ার পর ফুটবল-বিশ্বজুড়ে যেভাবে নিন্দিত হয়েছেন তিনি, সেই তুলনায় শাস্তির মাত্রা দেখে নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন সুয়ারেজ। ঘৃণিত এই কাণ্ডের জন্য তাঁকে ফুটবল থেকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করার দাবিও তো উঠেছিল! ক্রীড়া মনোবিদেরা পরামর্শ দিয়েছিলেন তাঁকে মানসিক চিকিৎসক দেখানোর। একই কথা বলেছেন ইংল্যান্ডের পেশাদার ফুটবলার সংস্থার (পিএফএ) প্রধান গর্ডন টেলরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলছে নানা রসিকতা। কেউ কেউ বলছেন তিনি ফুটবল-বিশ্বের ‘ড্রাকুলা’। তবে এত কিছুর পরও উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে (এইউএফ) পাশে পেয়েছিলেন সুয়ারেজ। কিন্তু শেষরক্ষা হলো না।
ফিফার ইতিহাসে বিশ্বকাপের সময় কোনো খেলোয়াড়কে দেওয়া সর্বোচ্চ শাস্তি এটাই । এর আগে ১৯৯৪ বিশ্বকাপে স্পেনের লুইস এনরিকের নাক ভেঙে দিয়ে ৮ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইতালিয়ান ডিফেন্ডার মাওরো তাসোত্তি। নিষেধাজ্ঞার সময় উরুগুয়ের কোনো ম্যাচে স্টেডিয়ামেও থাকতে পারবেন না সুয়ারেজ। চার মাসের নির্বাসন চলাকালে খেলা তো দূরের কথা, ফুটবল-সংশ্লিষ্ট কোনো কাজেই থাকতে পারবেন না। একই সঙ্গে ন্যক্কারজনক এই কাণ্ডের জন্য এক লাখ সুইস ফ্রাঁ জরিমানাও করা হয়েছে উরুগুইয়ান স্ট্রাইকারকে। তদন্ত শেষে ফিফা শৃঙ্খলা কমিটির প্রধান ক্লদিও সুলসার আনুষ্ঠানিক

সুয়ারেজের সেই কামড় l ছবি: ফিফা ডট কম
সুয়ারেজের সেই কামড় l ছবি: ফিফা ডট কম

বিবৃতিতে বলেছেন, ‘ফুটবল মাঠে এ ধরনের আচরণ কখনোই মেনে নেওয়া হবে না। বিশেষ করে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে যেখানে লাখ লাখ মানুষের চোখ থাকে তাদের প্রিয় তারকাদের দিকে।’
ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে নায়ক হয়ে গিয়েছিলেন। কামড়-কাণ্ডের পর সেই সুয়ারেজই এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ‘খলনায়ক’। অথচ বিশ্বকাপের আগেই ঘোষণা করেছিলেন, আগের বেয়াড়া স্বভাবটা তাঁর মধ্যে আর নেই। কাউকে আর কামড়-টামড় দেবেন না, বরং ‘রোল মডেল’ হবেন! চোটের সঙ্গে দুর্দান্ত লড়াই করে তাঁর বিশ্বকাপে ফেরা, তারপর ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ ২ গোলে শুরু। ব্রাজিল বিশ্বকাপ যেন প্রস্তুতি নিছিল ‘সুয়ারেজ-রূপকথা’ নামে নতুন একটা অধ্যায় লেখার।
কে ভেবেছিল মাত্র দুই ম্যাচ পরই এভাবে শেষ হয়ে যাবে সেই সুয়ারেজের বিশ্বকাপ?