নির্বিকার ডি মাত্তেও !

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের মাঝপথে বেশ টালমাটাল অবস্থার মধ্যে চেলসির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন রবার্তো ডি মাত্তেও। ইংলিশ এই ক্লাবটিকে সফলতার মুখ না দেখাতে পারার দায়ে বরখাস্ত করা হয়েছিল আন্দ্রে ভিয়াস বোয়াসকে। তখন হয়তো কেউ অনুমানও করেনি যে মৌসুম শেষে ইউরোপ-সেরার শিরোপাটা প্রথমবারের মতো জিততে যাচ্ছে চেলসি। কিন্তু শেষ পর্যন্ত সেটাই হলো। ডি মাত্তেওর হাত ধরেই প্রথমে সেমিফাইনালে বার্সেলোনা ও ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাটা জিতে নিল চেলসি। কিন্তু এই দুর্দান্ত সাফল্যটাই চেলসির হয়ে মাত্তেওর শেষ সাফল্য কি না, সেই প্রশ্নটা এখন উঠছে বেশ জোরেশোরেই।গতকাল উত্তেজনাকর ম্যাচ শেষে বায়ার্ন মিউনিখকে পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে চেলসি। ম্যাচ শেষে ডি মাত্তেও সাংবাদিকদের বলেছেন, ‘ফুটবলটা মাঝে-মধ্যে খুবই অপ্রত্যাশিত ও উন্মাদনাময় হয়ে ওঠে। আমার মনে হয় না, তিন মাস আগেও কেউ ভেবেছিল যে আমরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটা জিততে পারব। আর শেষ পর্যন্ত এর সমাপ্তিটা এই ভাবে করতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার।’ কিন্তু চেলসিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোর আনন্দে ভাসানোর পরও ভবিষ্যত্টা অনিশ্চিতই হয়ে আছে এই ইতালিয়ান কোচের। কারণ চেলসির মালিক রোমান আব্রামোভিচ হয়তো দলের জন্য নামীদামি কোনো কোচেরই খোঁজে নামবেন।বার্সেলোনার সদ্য বিদায়ী কোচ পেপ গার্দিওলা ও ইংল্যান্ডের সাবেক কোচ ফ্যাবিও ক্যাপেলোকে চেলসির নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে বলে জোরালো গুঞ্জন উঠেছে। তবে এখন সেসব নিয়ে একেবারেই ভাবতে চাচ্ছেন না বলেই জানিয়েছেন ডি মাত্তেও। তিনি বলেছেন, ‘আমার জন্য এটা একেবারেই গুরুত্বপূর্ণ না। আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, সেটা ঠিকঠাক পালন করতে পেরে আমি খুশি। এখন যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, আমি সেটা খুশিমনেই মেনে নেব।’ রয়টার্স।