নির্ভরতার নাম মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ব্যাটিংয়ে এখন মুশফিকই সবচেয়ে বড় নির্ভরতা। ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে সাবেক অধিনায়ক l প্রথম আলো
বাংলাদেশের ব্যাটিংয়ে এখন মুশফিকই সবচেয়ে বড় নির্ভরতা। ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পথে সাবেক অধিনায়ক l প্রথম আলো

রুবেল যখন আঙুল উঁচিয়ে ছুটছেন দিগ্বিদিক...পেছনে ছুটছেন সাব্বির-সৌম্য-তাসকিনরা...দুহাতে চোখ-মুখ ঢেকে মাটিতে উবু হয়ে শুয়ে মাশরাফি...শরীরটা কাঁপছে, হয়তো আবেগ, কান্নার দমকে...অ্যাডিলেড ওভালের উত্তাল গ্যালারিতে যখন পতপত করে উড়ছে লাল-সবুজের গর্বিত পতাকা...মুশফিকুর রহিম তখন কোথায়!
ভূমিশয্যা নেওয়া মাশরাফির ওপর ঝাঁপিয়ে পড়েছে তখন গোটা দল। ফুটবলের গোলদাতার মতোই মানবস্তূপে হারিয়ে গেলেন মাশরাফি। মুশফিক মিশলেন গিয়ে ওই আনন্দস্তূপে। টিভি ক্যামেরা তাঁকে খুঁজে পেল না।
উদ্যাপনের মতো মাঠের পারফরম্যান্সেও কাল হয়তো আড়াল চাইতে পারেন মুশফিক। মাহমুদউল্লাহর ইতিহাস গড়া সেঞ্চুরি, বোলিং ও সামনে থেকে নেতৃত্ব মিলিয়ে মাঠে সত্যিকারের নেতা হয়ে ওঠা মাশরাফি, তাসকিনের দুটি গুরুত্বপূর্ণ উইকেট আর রুবেলের শেষের ঝলক। মানুষ শেষটাই মনে রাখে বেশি। রুবেলের ওই দুটি শেষের গোলা আর উড়ন্ত উদ্যাপনের পাশে কাল ম্লান তো আসলে সবই! ম্যাচের স্মৃতিপটে এই দৃশ্যগুলোই হয়তো ভাসবে বেশি। কিন্তু একটু গভীরে গেলে, মুহূর্তের আবেগ-উত্তেজনাকে একটু পাশে রাখলে চোখে ভাসবে মুশফিকের মুখ। মনে পড়বে মুশফিকের ইনিংস, যেটি গতি দিয়েছে বাংলাদেশের ইনিংসকে!
যখন উইকেটে গিয়েছিলেন, ৯৯ রানে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ হঠাৎই কাঁপছে। একটু পা হড়কালেই বিপদ। সেটি তো হয়ইনি, বরং ২২ গজে মাশরাফির প্রতিটি পদক্ষেপ আর শক্ত করেছে ভিত্তি। দলকে দিয়েছে বিশ্বাস। উইকেট আঁকড়ে রাখার প্রয়োজন ছিল, রেখেছেন। রান তোলার দাবি ছিল, মিটিয়েছেন বলের সঙ্গে পাল্লা দিয়ে। সেঞ্চুরিটাও হতে পারত, যদি নিজের কথা ভেবে ব্যাট করতেন একটু সতর্কভাবে। কিন্তু দলের চাওয়ার কাছে বলি দিয়েছেন নিজের পাওয়াকে। সেঞ্চুরি থেকে ১১ রান দূরে ক্যাচ দিয়ে ফিরেছেন দলের রান বাড়ানোর চেষ্টায়। তবে ওখানেই শেষ নয় কালকের মুশফিক-আখ্যান। উইকেটের পেছনেও কাল নিয়েছেন চার-চারটি ক্যাচ। উইকেটের সামনে-পেছনে সমান সফল—মুশফিককে নিয়ে কিন্তু এটি প্রতিদিন বলার সুযোগ মেলে না!
উইকেটের সামনে মুশফিকের ব্যাটিং-বীরত্ব অবশ্য গত কিছুদিনে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নিয়মিত দৃশ্য। সন্দেহাহীতভাবে দেশের সেরা ব্যাটসম্যান। অন্তত দুটি ম্যাচ বাকি আছে এবার, বাংলাদেশের হয়ে এক বিশ্বকাপে (২৫৬) সবচেয়ে বেশি রান করে ফেলেছেন এরই মধ্যে। চার ইনিংসে স্কোর ৭১, ৩৬, ৬০, ৮৯। তবে শুধু রানসংখ্যাই যথেষ্ট নয় ব্যাটসম্যান মুশফিককে বোঝাতে। ২২ গজের পদচারণে যেন ঠিকরে বেরোয় আত্মবিশ্বাস। প্রতিটি শটে লেখা থাকে নিজের জাত। প্রতিটি পদক্ষেপে ফুটিয়ে তোলেন নিজের ব্যাটিং আর দায়িত্বটা এখন খুব ভালো বোঝেন! ব্যাটিং অর্ডার নিয়ে তামাশা অবশ্য চলছেই। চার ইনিংসে ব্যাট করেছেন তিন পজিশনে, দলের সেরা ব্যাটসম্যান হয়েও ছয়-সাতে নামতে হচ্ছে। কিন্তু তাতে বিচলিত হচ্ছেন কমই, ব্যাট তাঁর কথা বলছেই। মুশফিক মানেই নির্ভরতা, মুশফিক মানেই দ্রুত রানের নিশ্চয়তা, ক্রিকেট ম্যানুয়ালের সব শটে প্রতিপক্ষকে চাপে ফেলা।
বিশ্বকাপের আগে দলের ট্রেনিং ক্যাম্পে একদিন বলেছিলেন, ‘বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ হতে চাই, দলের জয়ে অবদান রাখতে চাই।’ ম্যাচসেরা হয়েছেন প্রথম ম্যাচেই, বড় অবদান রেখেছেন তিনটি জয়েই। ভাবছেন, ব্যস, হয়ে গেল! তাহলে ভুল ভাবছেন। মুশফিক মানে এখন ধারাবাহিকতাও। পারফর্ম করে যাচ্ছেন অক্লেশে!
সহজাত প্রতিভা তো ছিলই। প্রতিভাকে পরে লালন করেছেন পরিশ্রমের আদরে মুড়ে। পরিশ্রমের পূজারি তিনি। নেটে সবচেয়ে বেশি আর একাগ্র সময় কাটানো ক্রিকেটার তিনি। আর জানেন তো, ক্রিকেট তাঁর অনুগত ছাত্রদের কখনোই খালি হাতে ফেরায় না!
একজন কুমার সাঙ্গাকারা সেটি প্রমাণ করে যাচ্ছেন দিনের পর দিন। মুশফিকও প্রমাণ করছেন, করবেন আরও অনেক অনেক দিন!

এই বিশ্বকাপে

৪ ম্যাচে ২৫৬ রান মুশফিকের, এক বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বেশি রান। ২০০৭ বিশ্বকাপে আশরাফুলের ২১৬ ছিল আগের রেকর্ড। এবার ২১৬ হয়ে গেছে মাহমুদউল্লাহরও।
৮৯ রানের পর চারটি ক্যাচ নিয়েছেন। বিশ্বকাপে ফিফটি ও ৪ ক্যাচ আছে আর কুমার সাঙ্গাকারা ও ব্র্যাড হাডিনের। ফিফটি ও ৫ উইকেট শুধুই রিডলি জ্যাকবসের।
তিনটি ফিফটি করলেন এবার, এক বিশ্বকাপের বাংলাদেশের সবচেয়ে বেশি।

সংখ্যায় সংখ্যায়
৩০
বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি পেতে ৩০ ম্যাচ খেলতে হলো বাংলাদেশকে। প্রথম সেঞ্চুরি পেতে আর কোনো দলকে এত ম্যাচ খেলতে হয়নি। শ্রীলঙ্কার অপেক্ষা ছিল ২৮ ম্যাচের। ২৯ ম্যাচ খেলেও কোনো সেঞ্চুরি নেই কেনিয়ার।
১৪১
বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জুটিটা কাল অ্যাডিলেডেই গড়লেন মাহমুদউল্লাহ-মুশফিকুর রহিম। ঠিক আগের ম্যাচেই নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে ১৩৯ রান করেছিলেন মাহমুদউল্লাহ-তামিম।
৩
মাশরাফি (২০০৭) ও শফিউলের (২০১১) পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে বিশ্বকাপে ৪ উইকেট পেলেন রুবেল।
মাহমুদউল্লাহর ১০৩, তামিমের ৯৫, মুশফিকের ৮৯। বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইনিংসই এবার হলো।