নির্ভার ইউনাইটেডের সামনে চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিগ জয় হয়ে গেছে। আর্সেনালের সঙ্গে ড্র করাতে এক মৌসুমে পয়েন্টের নতুন রেকর্ড গড়ার সম্ভাবনাও শেষ। লিগের বাকি তিন ম্যাচ ম্যানচেস্টার ইউনাইটেড তাহলে খেলবে কিসের তাড়নায়? স্যার অ্যালেক্স ফার্গুসন মনে করেন তাঁর দল খেলবে গৌরবের জন্য, খেলবে উপভোগের জন্য। ফার্গুসনের এই আকাঙ্ক্ষার পথে আজ বাধা হতে পারে চেলসি। ঘরের মাঠে ধারে-মানে কাছাকাছি থাকা দলের বিপক্ষে খেলোয়াড়দের অবাধ স্বাধীনতাই দিচ্ছেন ফার্গুসন। দলকে ১৩তম প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেওয়া কোচ চাইছেন, শুধু আজকের ম্যাচেই নয়, শেষ দুই ম্যাচেও নির্ভার হয়ে খেলবে ইউনাইটেড।২২ এপ্রিল শিরোপা নিশ্চিত হওয়ার পর উদ্যাপন করতে গিয়ে ও এরপর প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কারণে মাঠের বাইরেই বেশি কেটেছে খেলোয়াড়দের। সামনে ১৩ মের ট্রফি প্যারেড। প্যারেডের এক দিন আগে ওল্ড ট্রাফোর্ডে সোয়ানসি ম্যাচের পরই ইউনাইটেডকে দেওয়া হবে লিগ ট্রফিটা। এ ছাড়া আছে ক্লাবের নিজস্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সব মিলিয়ে ফুটবলারদের মনোযোগ নড়ে যেতে কতক্ষণ! তাই আগামী জুলাইয়ে নিতম্বে অস্ত্রোপচার করাতে যাওয়া ফার্গুসনের চাওয়া, ‘আশা করছি তারা (খেলোয়াড়েরা) ভুলে যাবে না কিছু ম্যাচে তাদের জিততে হবে।’আজকের ম্যাচের ফল যা-ই হোক না কেন তাতে ইউনাইটেডের কোনো ক্ষতি নেই। কিন্তু প্রতিপক্ষ চেলসির কাছে ম্যাচটা চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নিজেদের আরেকটু এগিয়ে নেওয়ার। ৩৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা এখন তিনে। তবে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে থাকা আর্সেনাল ও ৩ পয়েন্ট পেছনের দল টটেনহাম চেলসির কাঁধে ফেলছে তপ্ত নিঃশ্বাস। তা ছাড়া লন্ডনের ক্লাবটির পরের ম্যাচ আবার টটেনহামের বিপক্ষে।এ ছাড়া রাফায়েল বেনিতেজের কাছে হতাশায় মোড়া একটি মৌসুমকে কিছুটা হলেও রাঙানোর উপলক্ষও আছে। এপ্রিল মাসে প্রিমিয়ার লিগের সেরা কোচ বেনিতেজের দল উঠেছে ইউরোপা লিগের ফাইনালে। এখন সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগটা নিশ্চিত করাই দলটির ধ্যানজ্ঞান। এএফপি। বড় পর্দায় ইউনাইটেড-চেলসিইউনাইটেড-চেলসি ম্যাচটি বড় পর্দায় দেখার সুযোগ পাচ্ছে ঢাকার ফুটবলপ্রেমীরা। আজ গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করেছে ব্লুজ কমিউনিকেশন। রাত ৯টায় ম্যাচ শুরুর আগে থেকেই সবার জন্য উন্মুক্ত থাকবে মাঠ।