নির্ভার কলম্বিয়া, বেপরোয়া জাপান
জাপানের কোচ আলবার্তো জাকেরনি কিছুতেই উত্তরটা খুঁজে পাচ্ছেন না। আক্রমণে নীল সামুরাইরা সব সময়ই বেশ সমীহ করার মতো দল। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে এখন পর্যন্ত জাপান গোল করতে পেরেছে মাত্র একটি। উদ্বেগ বেশি ছিল রক্ষণকে নিয়েই, অথচ তিন ম্যাচে এ পর্যন্ত মাত্র দুটি গোল ঢুকতে পেরেছে জালে। আজ কলম্বিয়ার সঙ্গে জীবন-মরণ ম্যাচটা জিততে গোল করতেই হবে জাপানকে। পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে হলে জয়টা তাদের চাই-ই চাই। কিন্তু হঠাৎ করে জাপান গোল করা ভুলে গেল কেন? জাকেরনির ব্যবচ্ছেদ, ‘আমাদের সৃষ্টিশীলতার অভাব আছে। আমরা চেষ্টা করেছি, কিন্তু প্রতিপক্ষের জালে বল ঢোকাতে পারিনি। আমাদের খেলায় যথেষ্ট গতি ছিল না। সমস্যাটা খানিকটা মানসিকও।’
জাপানের সবচেয়ে বড় উদ্বেগটা হচ্ছে, ভাগ্যটা এখন তাদের হাতে নেই। শুধু জিতলেই হবে না, প্রার্থনা করতে হবে গ্রিস যেন আইভরিকোস্টকে হারিয়ে দেয়। ওই দুই দল ড্র করলেও আশা টিকে থাকবে, সে ক্ষেত্রে জাপানকে জিততে হবে অন্তত ২ গোলে। কলম্বিয়া অবশ্য নির্ভার হয়েই ম্যাচটা খেলতে নামবে। আগের দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটাও প্রায় নিশ্চিত। এখনো রাদামেল ফ্যালকাওয়ের অনুপস্থিতি বুঝতে দেননি রদ্রিগেজ, কুয়াদ্রাদোরা। জেমস রদ্রিগেজ তো দুর্দান্তই খেলছেন।
১৯৯০ বিশ্বকাপের পর প্রথমবারের মতো পেরোতে পেরেছে গ্রুপপর্বের বাধা। তবে রদ্রিগেজ স্বপ্নের পরিধিটা অনেক দূরে ছড়িয়ে দিচ্ছেন, ‘কেন আমরা টুর্নামেন্টের সবচেয়ে বড় চমক হতে পারব না? আশা করি পারব।’ এএফপি।